দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
তিনি বলেছেন, অতীতে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর বিভিন্ন ধরনের নির্যাতনের ঘটনা ঘটলেও অনেক ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এর ফলে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছিল। এখনো দেশের বিচারব্যবস্থা পুরোপুরি শক্তিশালী নয়। তাই বিচারব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করার প্রয়োজন রয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। একই সঙ্গে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার ওপর জোর দিতে হবে।
নাহিদ ইসলাম আরও বলেন, বাংলাদেশ বহু ধর্ম ও সংস্কৃতির মানুষের দেশ। দীর্ঘদিন ধরে চলে আসা এই বৈচিত্র্য ও সম্প্রীতির ঐতিহ্যকে ধরে রাখতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেই দেশে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা সম্ভব।
নিউজটি পোস্ট করেছেন :
Modern Television