কুমিল্লার লাকসামে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে ঢাকামুখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। তবে ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার (২১ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে নাঙ্গলকোটের নাওটি ও লাকসামের আজগরা এলাকার মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকায় পৌঁছালে এর তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকামুখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। তবে বিপরীতমুখী ডাউনলাইনে ট্রেন চলাচল অব্যাহত রয়েছে।
দুর্ঘটনার পর ট্রেনটি উদ্ধারে লাকসাম রেলওয়ে জংশন থেকে একটি রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনাস্থলে রেলওয়ে পুলিশের সদস্যরা অবস্থান করছেন।
এদিকে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার কারণে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে। দুর্ঘটনার ফলে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে বিলম্ব হচ্ছে।
তবে কুমিল্লা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শেখ আনোয়ার হোসেন জানিয়েছেন, এ দুর্ঘটনার কারণে ট্রেনের সামগ্রিক সময়সূচিতে বড় ধরনের কোনো সমস্যা হয়নি। চট্টগ্রামের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।
নিউজটি পোস্ট করেছেন :
Modern Television