ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ঘোষণা দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। একই সঙ্গে বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারকে জাপানের জোরালো সমর্থনের কথাও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন জাপানের প্রধানমন্ত্রী।
পোস্টে সানায়ে তাকাইচি জানান, জাপান সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাঁর একটি শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গণতন্ত্র ও আইনের শাসনের মতো অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। পাশাপাশি নতুন দায়িত্ব গ্রহণের জন্য তারেক রহমানকে অভিনন্দন জানান।
জাপানের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও জাপানের মধ্যকার কৌশলগত অংশীদারত্ব এবং দুই দেশের নেতাদের যৌথ বিবৃতির ভিত্তিতে সরকারি ও বেসরকারি পর্যায়ে সহযোগিতা বাড়ানো হবে। পারস্পরিক উদ্যোগের মাধ্যমে দুই দেশ একসঙ্গে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বলেও উল্লেখ করেন তিনি।
*‘শেয়ারিং প্রসপারিটি বিআইজি-বি’ উদ্যোগ*
বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক সহযোগিতা জোরদারে বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট (বিআইজি-বি) উদ্যোগ এগিয়ে নেওয়ার বিষয়ে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন দুই দেশের নেতারা।
সানায়ে তাকাইচি জানান, তারেক রহমানের সঙ্গে আলোচনায় এই উদ্যোগকে নতুন কৌশলগত সহযোগিতার কাঠামোয় রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন কাঠামোর নাম দেওয়া হয়েছে ‘শেয়ারিং প্রসপারিটি বিআইজি-বি’ (Sharing Prosperity BIG-B)।
জাপানের প্রধানমন্ত্রী বলেন, একটি মুক্ত ও অবাধ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অংশীদার। এ অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিত করতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও সম্প্রসারণ করতে চায় জাপান।
*বাংলাদেশের সম্ভাবনা নিয়ে আশাবাদী জাপান*
বাংলাদেশের সঙ্গে জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রসঙ্গও তুলে ধরেন সানায়ে তাকাইচি। তিনি জানান, আলোচনায় তারেক রহমান জাপানের শান্তিপূর্ণ উন্নয়নের পথচলা এবং বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়া প্রথম দিকের দেশগুলোর একটি হিসেবে জাপানের ভূমিকার কথা উল্লেখ করেছেন।
এ সময় বাংলাদেশের জনগণের প্রতি জাপান সরকার ও জনগণের দীর্ঘদিনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান বলেও জানান তিনি।
জাপানের প্রধানমন্ত্রী আরও বলেন, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে সংযোগ স্থাপনের ক্ষেত্রে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রায় ১৭ কোটি মানুষের দেশ বাংলাদেশে রয়েছে বিপুল সম্ভাবনা, বিশেষ করে তরুণ জনগোষ্ঠীকে কেন্দ্র করে অর্থনৈতিক উন্নয়ন ও নতুন বিনিয়োগের সুযোগ।
দুই দেশের শীর্ষ পর্যায়ের এই বৈঠক এবং নতুন সহযোগিতা কাঠামোর ঘোষণা বাংলাদেশ-জাপান সম্পর্ককে অর্থনৈতিক, কৌশলগত ও আঞ্চলিক সহযোগিতার নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা তৈরি করেছে।
নিউজটি পোস্ট করেছেন :
Modern Television