ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

১৭ বছরের অনিয়ম-দুর্নীতি বন্ধ করেছে বিএনপি সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

Modern Television
নিউজ প্রকাশের তারিখ : Oct 8, 2026 ইং
ছবির ক্যাপশন: সংগ্রহীত ছবির ক্যাপশন: সংগ্রহীত
ad728
গত ১৭ বছরে সংঘটিত অনিয়ম ও দুর্নীতি বন্ধ করে বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান। একই সঙ্গে অতীতে বিদেশি সহায়তার অর্থও যথাযথভাবে কাজে লাগানো হয়নি বলে দাবি করেন তিনি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ে ইউনিসেফের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্থানীয় সরকারমন্ত্রী।

ড. আবদুল মঈন খান বলেন, বিগত সময়ে দেশে নানা অনিয়ম ও দুর্নীতি হয়েছে। বর্তমান সরকার এসব বন্ধ করে জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। পাশাপাশি অতীতে বিভিন্ন উন্নয়ন সহযোগীর দেওয়া অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, বর্তমানে অনেক ধনী দেশও তাদের বৈদেশিক সহায়তার পরিমাণ কমিয়ে দিয়েছে। ফলে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করা জরুরি।

বৈঠকে বাংলাদেশের মানুষের জন্য নিরাপদ ও সুপেয় পানি নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে বলে জানান তিনি। ইউনিসেফের প্রতিনিধিরাও দেশের মানুষের নিরাপদ পানি প্রাপ্তি নিশ্চিত করতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দেওয়া তার মন্ত্রণালয়ের অন্যতম প্রধান দায়িত্ব। তবে উজানে পানি প্রত্যাহারের কারণে দেশের বিভিন্ন নদ-নদীতে পানির প্রবাহ কমে যাচ্ছে। এর প্রভাবে উত্তরাঞ্চলে শুষ্কতা বাড়ার পাশাপাশি দক্ষিণাঞ্চলে লবণাক্ততার বিস্তার ঘটছে।

তিনি জানান, দেশের প্রায় ১৮ কোটি মানুষের জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সঙ্গে প্রায় ২ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলারের একটি প্রকল্প নিয়ে আলোচনা চলছে।

মন্ত্রী বলেন, পানি মানুষের জীবনের জন্য অপরিহার্য। কিন্তু দূষিত ও জীবাণুযুক্ত পানি মানুষের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। তাই দেশের প্রতিটি মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দেওয়াকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে সরকার।

উজানে পানি প্রত্যাহারের প্রসঙ্গে ড. মঈন খান বলেন, নদীর পানিপ্রবাহ কমে যাওয়ায় দেশের উত্তরাঞ্চলে মরুকরণ পরিস্থিতি তৈরি হচ্ছে। অন্যদিকে নদীর মাধ্যমে পর্যাপ্ত মিঠা পানি সাগরে না পৌঁছানোর কারণে দক্ষিণাঞ্চলে সমুদ্রের লবণাক্ত পানি আরও ভেতরের দিকে প্রবেশ করছে। এতে দীর্ঘদিন ধরে ওই অঞ্চলে নিরাপদ ও সুপেয় পানির সংকট বাড়ছে।

তিনি বলেন, নিরাপদ পানি সরবরাহের এই চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে চায় সরকার।

এ লক্ষ্যে বৈঠকে ইউনিসেফের পাশাপাশি বিশ্বব্যাংক ও ওয়াটারএইডের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সংস্থাগুলোর সহযোগিতা, অর্থায়ন ও সমন্বিত পরিকল্পনার মাধ্যমে দেশের মানুষের জন্য নিরাপদ পানি নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান স্থানীয় সরকারমন্ত্রী।

তিনি বলেন, মানুষের জীবন ও সুস্থতার সঙ্গে সরাসরি সম্পৃক্ত নিরাপদ পানি নিশ্চিত করাই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।

নিউজটি পোস্ট করেছেন : Modern Television

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ