ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

এমপি মাসউদের জন্য মাঝ নদী থেকে ঘাটে ফেরানো হলো ফেরি, যাত্রীদের ক্ষোভ

Deleted
নিউজ প্রকাশের তারিখ : Jul 12, 2026 ইং
ছবির ক্যাপশন: সংগ্রহীত ছবির ক্যাপশন: সংগ্রহীত
ad728
মডার্ন টেলিভিশন ডেস্ক: নোয়াখালীর হাতিয়া-নলচিরা নৌপথে চলাচলকারী একটি ফেরিকে মাঝনদী থেকে ঘুরিয়ে পুনরায় ঘাটে ফিরিয়ে আনার ঘটনায় যাত্রীদের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে বহনের জন্যই ফেরিটি ফিরিয়ে আনা হয়।

শনিবার (১১ জুলাই) বিকেলে চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দাকে যাত্রাপথে আবার ঘাটে ফিরিয়ে আনার এ ঘটনা ঘটে।

ফেরির মেরিন ইঞ্জিনিয়ার সাজ্জাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ফেরি ছাড়ার কিছুক্ষণ পর সংসদ সদস্যের যাত্রার বিষয়টি জানানো হলে কর্তৃপক্ষের নির্দেশে ফেরিটি পুনরায় চেয়ারম্যান ঘাটে ফিরে আসে। তার ভাষ্য, সংসদ সদস্য প্রতিষ্ঠানটির ব্যবস্থাপকের সঙ্গে যোগাযোগ করলে ব্যবস্থাপক ফেরিটি ফিরিয়ে এনে তাকে নেওয়ার নির্দেশ দেন।

ঘাট-সংশ্লিষ্ট সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, নির্ধারিত সময় অনুযায়ী বিকেল সাড়ে ৩টার দিকে যাত্রী ও পণ্যবাহী যানবাহন নিয়ে চেয়ারম্যান ঘাট ছেড়ে নলচিরার উদ্দেশ্যে রওনা দেয় ফেরি মহানন্দা। প্রায় ২০ মিনিট যাত্রার পর সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ চেয়ারম্যান ঘাটে পৌঁছালে ফেরিটি মাঝনদী থেকে ঘুরিয়ে আবার ঘাটে আনা হয়। পরে তিনি তার সফরসঙ্গীদের নিয়ে ফেরিতে ওঠার পর ফেরিটি দ্বিতীয়বারের মতো গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটে পৌঁছাতে সাধারণত দেড় থেকে দুই ঘণ্টা সময় লাগে।

অভিযোগের বিষয়ে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ বলেন, সরকারি গুরুত্বপূর্ণ কাজেই তার জরুরি ভিত্তিতে হাতিয়া যাওয়া প্রয়োজন ছিল। তিনি দাবি করেন, ফেরিটি তখনও ঘাট থেকে খুব বেশি দূরে যায়নি এবং বিষয়টি নিয়ে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।

এদিকে ঘাট ইজারাদারের প্রতিনিধি মো. জহির উদ্দিন জানান, ফেরি ছাড়ার সময় নিয়ে কিছু বিভ্রান্তি থাকলেও বাস্তবে ফেরি ছাড়ার প্রায় ২০ মিনিট পর সংসদ সদস্যকে বহনের জন্য সেটি ঘাটে ফিরিয়ে আনা হয়। হাতিয়ায় ফেরি চলাচল শুরুর পর এমন ঘটনা এই প্রথম বলেও উল্লেখ করেন তিনি।

ঘটনার পর ফেরিতে থাকা একাধিক যাত্রী মডার্ন টেলিভিশনকে জানান, বৈরী আবহাওয়ার মধ্যে নদী পারাপারের সময় হঠাৎ ফেরির দিক পরিবর্তনে তারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে ঘাটে ফিরে এসে জানতে পারেন, সংসদ সদস্যকে তোলার জন্যই ফেরিটি ফিরিয়ে আনা হয়েছে। তাদের অভিযোগ, একজন জনপ্রতিনিধির সুবিধার জন্য শতাধিক যাত্রীকে ভোগান্তিতে ফেলা অনাকাঙ্ক্ষিত এবং এটি ক্ষমতার অপব্যবহারের শামিল।

নিউজটি পোস্ট করেছেন : Deleted

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ