কিশোরগঞ্জে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্র। দুর্ঘটনার খবর পেয়ে নিয়মিত দায়িত্ব পালনের অংশ হিসেবে ঘটনাস্থলে ছুটে যান পুলিশের একটি টহল দল। কিন্তু সেখানে পৌঁছে এক পুলিশ সদস্য জানতে পারেন, নিহত শিশুটি তারই একমাত্র ছেলে। হৃদয়বিদারক এ ঘটনায় শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়।
শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জ শহরের জনতা স্কুল রোড এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত মোহাম্মদ তুহিন (১০) কিশোরগঞ্জ সদর মডেল থানায় কর্মরত পুলিশ সদস্য শামসুল হকের ছেলে। সে গাইটাল জনতা স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ জানায়, সকালে জনতা স্কুল রোড এলাকায় একটি সিমেন্টবোঝাই ট্রাকের চাপায় এক স্কুলছাত্র নিহত হওয়ার খবর পেয়ে থানার একটি টহল দল ঘটনাস্থলে যায়। টহল গাড়ির চালকের দায়িত্বে ছিলেন পুলিশ সদস্য শামসুল হক। ঘটনাস্থলে পৌঁছানোর পরই তিনি দেখতে পান, নিহত শিশুটি তার নিজের ছেলে তুহিন। এমন হৃদয়বিদারক দৃশ্যে উপস্থিত পুলিশ সদস্যরাও আবেগাপ্লুত হয়ে পড়েন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকালে বাসা থেকে সাইকেল নিয়ে বের হওয়ার পর জনতা স্কুল রোড এলাকায় পৌঁছালে একটি সিমেন্টবোঝাই ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিউজটি পোস্ট করেছেন :
Deleted