দুর্গাপূজা উপলক্ষে টানা আট দিন বন্ধ থাকবে যশোরের বেনাপোল ও ভারতের পেট্রাপোল স্থলবন্দরের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে এ সময় দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
বন্দর সূত্রে জানা গেছে, বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও আটকে থাকা খালি ট্রাকগুলোকে ভারতে ফেরত যাওয়ার সুযোগ দেওয়া হবে।
এদিকে দীর্ঘ ছুটির কারণে বন্দরে পণ্যজট এড়াতে আগামী ১৮ ও ১৯ অক্টোবর বেনাপোল বন্দরে সীমিত পরিসরে পণ্য খালাস ও শুল্কায়ন কার্যক্রম চালু রাখা হবে। এর মাধ্যমে আগে থেকে বন্দরে আসা পণ্য ছাড় করার সুযোগ পাবেন ব্যবসায়ীরা।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক রুহুল আমিন জানান, দুর্গাপূজার ছুটিতে আমদানি-রপ্তানি বন্ধ থাকায় বন্দরে পণ্যের চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে ব্যবসায়ীদের সুবিধা এবং বন্দরে পণ্যজট কমাতে দুই দিন পণ্য খালাস ও শুল্কায়নের ব্যবস্থা রাখা হয়েছে।
ছুটি শেষে আগামী ২৫ অক্টোবর সকাল থেকে বেনাপোল স্থলবন্দরে পুনরায় নিয়মিত আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
নিউজটি পোস্ট করেছেন :
Modern Television