ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আজ থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

মডার্ন টেলিভিশন ডেস্ক
নিউজ প্রকাশের তারিখ : Jul 2, 2026 ইং
ছবির ক্যাপশন: সংগ্রহীত ছবির ক্যাপশন: সংগ্রহীত
ad728
মডার্ন টেলিভিশন ডেস্ক: দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে। নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এবার মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

তবে এবারের পরীক্ষায় একটি উল্লেখযোগ্য বিষয় হলো, নিয়মিত শিক্ষার্থীদের বড় একটি অংশ পরীক্ষায় অংশ নিচ্ছেন না। শিক্ষা-সংশ্লিষ্টদের মতে, এই হার আগের বছরের তুলনায় অস্বাভাবিকভাবে বেড়েছে।

শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলোর তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রায় ১৫ লাখ শিক্ষার্থী একাদশ শ্রেণিতে নিবন্ধন করেছিলেন। কিন্তু এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য ফরম পূরণ করেছেন প্রায় সাড়ে ৯ লাখ শিক্ষার্থী। ফলে নিয়মিত নিবন্ধিত শিক্ষার্থীদের প্রায় সাড়ে ৫ লাখ, অর্থাৎ প্রায় ৩৬ শতাংশ এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন না।

গত বছর নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষায় অনুপস্থিতির হার ছিল ২৯ শতাংশের কিছু বেশি। সেই তুলনায় এক বছরের ব্যবধানে এ হার প্রায় ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা শিক্ষা প্রশাসনের নজর কেড়েছে।

এবার দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আগামী বছর থেকে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের বাংলা ও ইংরেজিসহ সাধারণ বিষয়গুলোও অভিন্ন প্রশ্নপত্রে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, পরীক্ষা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, প্রশ্নফাঁসের অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরীক্ষার নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। নির্ধারিত সূচি অনুযায়ী ২১ দিনের মধ্যে লিখিত পরীক্ষা শেষ হবে। এছাড়া যেসব দিনে পরীক্ষা থাকবে না, সেসব দিনে কেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক শ্রেণি কার্যক্রম চালু থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : মডার্ন টেলিভিশন ডেস্ক

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ