দেশে ডেঙ্গুর পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও নয়জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এক দিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে জানানো হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে নতুন করে ১ হাজার ৫৭১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৩০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্টে ৪৩ জন এবং সেপ্টেম্বরের প্রথম আট দিনেই প্রাণ হারিয়েছেন ৩৩ জন। এছাড়া জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুইজন করে, মে মাসে একজন, জুনে ১৩ জন এবং জুলাইয়ে ৩৬ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় রাজধানীর হাসপাতালগুলোতেও ডেঙ্গু রোগীর চাপ বেড়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৯৬ জন, দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৩৪ জন এবং দুই সিটি করপোরেশনের বাইরের ঢাকার বিভিন্ন হাসপাতালে ৪০৮ জন রোগী ভর্তি হয়েছেন।
রাজধানীর বাইরে বরিশালে ১৪২ জন, চট্টগ্রামে ১৭৭, খুলনায় ২৪২, ময়মনসিংহে ৭৭, রাজশাহীতে ১১৬, রংপুরে ৭১ এবং সিলেটে ৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, ১ জানুয়ারি থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত দেশে ডেঙ্গু নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৪৫ হাজার ৪৭৫ জন। এর মধ্যে ৪২ হাজার ১২৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩ হাজার ২১৮ জন ডেঙ্গু রোগী। এক দিনে মৃত্যুর সংখ্যা নতুন রেকর্ডে পৌঁছানোয় চলতি মৌসুমে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
নিউজটি পোস্ট করেছেন :
Modern Television