কিশোরগঞ্জ, পাকুন্দিয়া প্রতিনিধি | কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয় ছাত্রশক্তি উপজেলা শাখার আনুষ্ঠানিক আত্মপ্রকাশ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনটির নেতাকর্মীরা অংশ নেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলার বাইপাস এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন জাতীয় ছাত্রশক্তির নবগঠিত উপজেলা কমিটির নেতারা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব আহসান হাবীব, মুখ্য সংগঠক মুন্না আহমেদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব জুয়েল আহমেদসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী।

এ সময় নেতৃবৃন্দ বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তরুণ সমাজকে পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যেই তাদের এ উদ্যোগ।
তারা আরও বলেন, সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে জাতীয় ছাত্রশক্তি শিক্ষার্থী ও তরুণদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করবে।
বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে সংগঠনটির কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দা ও শুভাকাঙ্ক্ষীরা নবগঠিত কমিটির নেতাদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
নিউজটি পোস্ট করেছেন :
Modern Television