রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবায় অনিয়ম ও রোগীদের ভোগান্তির অভিযোগ পেয়ে সরেজমিনে পরিদর্শনে গেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় হাসপাতালের বিভিন্ন সমস্যা ও রোগীদের অভিযোগ শুনে অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
শুক্রবার সকালে হাসপাতালে গিয়ে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী। কথা বলেন চিকিৎসক, রোগী ও স্বজনদের সঙ্গে। পরিদর্শনের অংশ হিসেবে ডেঙ্গু ওয়ার্ডও ঘুরে দেখেন তিনি।
হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুযোগ থাকা সত্ত্বেও রোগীদের বাইরে গিয়ে পরীক্ষা করাতে হচ্ছে—এমন অভিযোগ পান মন্ত্রী। এতে রোগীদের অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে বলে জানান তারা।
রোগীদের অভিযোগ শুনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি অর্থায়নে চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে এবং হাসপাতালের ভেতরেই প্রয়োজনীয় পরীক্ষার ব্যবস্থা রয়েছে। এরপরও যদি রোগীদের বাইরে পরীক্ষা করাতে হয়, তাহলে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে।
তিনি জানান, ডেঙ্গু শনাক্তকরণের জন্য মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা রয়েছে। অথচ রোগীদের কাগজপত্র ও তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকেই হাসপাতালের বাইরে থেকে পরীক্ষা করাচ্ছেন।
ডেঙ্গু চিকিৎসার ক্ষেত্রে মুগদা হাসপাতালকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালটিকে প্রয়োজনীয় সহযোগিতাও দেওয়া হয়েছে। এরপরও রোগীরা যদি কাঙ্ক্ষিত সেবা না পান, তাহলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা হবে।
এ সময় অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, চিকিৎসাসেবায় কোনো ধরনের অবহেলা বা অনিয়ম বরদাশত করা হবে না। তার ভাষায়, ‘হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে।’
সম্প্রতি মুগদা হাসপাতালের চিকিৎসাসেবা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রোগী ও স্বজনদের অসন্তোষের বিষয়টি আলোচনায় আসে। বিষয়টি নজরে আসার পরই সরেজমিন পরিস্থিতি দেখতে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী।
পরিদর্শনকালে মন্ত্রীর কাছে নিজেদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন রোগী ও স্বজনরা। তারা হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নয়ন এবং ভোগান্তি কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
নিউজটি পোস্ট করেছেন :
Modern Television