চাঁদপুরের আলোচিত সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী এ প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য সেলিম খান ও শান্ত খানের মরদেহ কবর থেকে উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের আবেদন করা হয়েছিল। এ বিষয়ে চাঁদপুর জেলা প্রশাসনের অনুমোদনও পাওয়া গেছে। তবে ঠিক কোন দিন মরদেহ দুটি উত্তোলন করা হবে, তা পরবর্তীতে জানানো হবে।
সেলিম খান ও শান্ত খানকে চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে তাদের নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এলাকা ছাড়ার সময় সেলিম খান ও তার ছেলে শান্ত খান বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ বাজার এলাকায় জনতার বাধার মুখে পড়েন। সেখান থেকে বেরিয়ে গেলেও পরে বাগড়া বাজার এলাকায় আবারও জনতার হাতে আটক হন তারা। একপর্যায়ে গণপিটুনিতে দুজনের মৃত্যু হয়।
পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। সে সময়ের পরিস্থিতি বিবেচনায় মরদেহের ময়নাতদন্ত করা সম্ভব হয়নি। পরে ময়নাতদন্ত ছাড়াই তাদের দাফন সম্পন্ন করা হয়।
সেলিম খান চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। পাশাপাশি তিনি চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। তার ছেলে শান্ত খান চলচ্চিত্রে অভিনয়ের সঙ্গে জড়িত ছিলেন।
সেলিম খানের বিরুদ্ধে পদ্মা ও মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনসহ বিভিন্ন অভিযোগের কথা জানা যায়। এসব অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের মামলাও চলমান ছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এবার আদালতের নির্দেশনা অনুযায়ী মরদেহ দুটি কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় এবং সংশ্লিষ্ট মামলার তদন্তে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের জন্য ময়নাতদন্তের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
নিউজটি পোস্ট করেছেন :
Modern Television