মডার্ন টেলিভিশন ডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আয়োজন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করা বর্তমান সরকারের রাজনৈতিক অঙ্গীকার এবং সেই লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মডার্ন টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমের উপস্থিতিতে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী জানান, আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। তবে চূড়ান্ত কাঠামো ‘তত্ত্বাবধায়ক সরকার’ হবে নাকি ‘অন্তর্বর্তী সরকার’ সে বিষয়ে রাজনৈতিক দল, বিশেষজ্ঞ এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, ‘জুলাই সনদকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংবিধান সংশোধনের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। সুপ্রিম কোর্টের রায়ে উল্লেখিত ৫৪টি বিষয়ে ধাপে ধাপে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে রায়ের মাধ্যমে জনআকাঙ্ক্ষার গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় বাস্তবায়নের সুযোগ সৃষ্টি হয়েছে।’
আইনমন্ত্রী বলেন, দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশনা এবং জনগণের প্রত্যাশাকে সামনে রেখেই রায় বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। পাশাপাশি জাতীয় সংসদের আগামী অধিবেশনেই জাতীয় মানবাধিকার কমিশন-সংক্রান্ত আইন উত্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি।
এর আগে বৃহস্পতিবার সকালে আপিল বিভাগ বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল এবং সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কয়েকটি বিধান অবৈধ ঘোষণার বিষয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখেন। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
রায়ের পর আইনজীবীদের একটি অংশের মতে, এ সিদ্ধান্তের ফলে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান পুনর্বহালের সাংবিধানিক ভিত্তি তৈরি হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ১৭ ডিসেম্বর হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসংক্রান্ত পঞ্চদশ সংশোধনীর কয়েকটি ধারা অবৈধ ঘোষণা করেন। একইসঙ্গে গণভোটের বিধান পুনর্বহালের নির্দেশ দেওয়া হলেও পঞ্চদশ সংশোধনী সম্পূর্ণ বাতিল করা হয়নি। পরবর্তীতে ওই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করা হলে বিষয়টি আপিল বিভাগে শুনানির জন্য আসে এবং সর্বশেষ আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রাখেন।
নিউজটি পোস্ট করেছেন :
মডার্ন টেলিভিশন ডেস্ক