ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কৃষি এখন আর লাভজনক খাত নয়, তাই শ্রমিক পাওয়া যায় না: রাষ্ট্রপতি

Modern Television
নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2026 ইং
ছবির ক্যাপশন: সংগ্রহীত ছবির ক্যাপশন: সংগ্রহীত
ad728
কৃষিপণ্যের উৎপাদন বাড়ানোর পাশাপাশি সঠিকভাবে সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি। কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতকেও সম্পৃক্ত করে আধুনিক কোল্ড স্টোরেজ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শনকালে আয়োজিত মতবিনিময় সভায় রাষ্ট্রপতি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, দেশে বিভিন্ন কৃষিপণ্যের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়লেও সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় অনেক সময় কৃষকরা উৎপাদিত পণ্যের ন্যায্য দাম থেকে বঞ্চিত হন। উত্তরাঞ্চলের আলু উৎপাদনের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, বাজারে দাম না থাকায় কৃষককে কখনো কখনো আলু ফেলে দিতে হয়। অথচ একই পণ্য পরবর্তী সময়ে বীজ হিসেবে কিংবা রাজধানীর বাজারে পৌঁছানোর পর কয়েক গুণ বেশি দামে বিক্রি হয়।

এ পরিস্থিতি মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় সবজি ও ফলমূলসহ বিভিন্ন কৃষিপণ্য সংরক্ষণের জন্য আধুনিক কোল্ড স্টোরেজ স্থাপনের ওপর জোর দেন তিনি। এ কাজে বেসরকারি খাতকে কার্যকরভাবে যুক্ত করার কথাও বলেন রাষ্ট্রপতি।

সভায় দেশে পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কৃষি গবেষকদের সাফল্যের প্রশংসা করেন তিনি। একই সঙ্গে কৃষিজমিতে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। মাটির উর্বরতা ও ফসলের গুণগত মান ধরে রাখতে কৃষকদের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি টেকসই কৃষিপ্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরামর্শ দেন।

কৃষি বিজ্ঞানীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, গবেষক ও বিজ্ঞানীদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে মেধাবী তরুণদের এ পেশায় আগ্রহী করা কঠিন হবে। এ সময় বিজ্ঞানীদের পেনশন-সংক্রান্ত বিধিমালা পরিবর্তনের উদ্যোগ নিতে কৃষিমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।

বক্তব্যে কৃষি খাতের উন্নয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথাও স্মরণ করেন রাষ্ট্রপতি। পাশাপাশি মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর মুক্তিযোদ্ধা, কৃষিবিদ ও কৃষি বিজ্ঞানীদের প্রতি শ্রদ্ধা জানান। গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সাম্প্রতিক ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণ করে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

মতবিনিময় সভায় কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল করিম রনি, কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান, বারির মহাপরিচালক মো. মঞ্জুরুল কাদির এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল সোয়া ১০টার দিকে বারি প্রাঙ্গণে পৌঁছালে রাষ্ট্রপতিকে পুলিশের একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে। পরে তিনি বারির জিন ব্যাংক ও বিভিন্ন প্রদর্শনী স্টল ঘুরে দেখেন। পরিদর্শনের শেষ পর্যায়ে উদ্ভিদ কৌলিসম্পদ কেন্দ্র (পিজিআরসি) প্রাঙ্গণে ‘বারি কাঁঠাল-৬’ জাতের একটি চারা রোপণ করেন।

নিউজটি পোস্ট করেছেন : Modern Television

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ