বিএনপির নেতাকর্মীরা সংকট ও আন্দোলনের সময় দেশ ছেড়ে পালিয়ে না গিয়ে সাধারণ মানুষের পাশে থেকেছেন বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সোহাগপুর নূতনপাড়া আলহাজ সিদ্দিক উচ্চবিদ্যালয় মাঠে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসাদুল হাবিব দুলু বলেন, বিএনপি শুধু নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেয় না, সেগুলো বাস্তবায়নেরও উদ্যোগ নেয়। মানুষের ভালোবাসাকে সঙ্গে নিয়েই দলটি দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছে।
তিনি বলেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক ব্যর্থতার প্রেক্ষাপটে বিভিন্ন শ্রেণি-পেশা ও ধর্মের মানুষের অংশগ্রহণে বিএনপির প্রতিষ্ঠা হয়।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, নানা নির্যাতন ও প্রতিকূলতার মধ্যেও তিনি নিজের অবস্থান থেকে সরে যাননি। বিএনপির সাংগঠনিক কার্যক্রম দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত বিস্তৃত হয়েছে।
দুলু আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের ঘোষিত ৩১ দফার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে কাজ চলছে। এর মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা এবং বৃক্ষরোপণ কর্মসূচির মতো উদ্যোগ রয়েছে। বাকি প্রতিশ্রুতিগুলোও আগামী পাঁচ বছরের মধ্যে বাস্তবায়নের আশ্বাস দেন তিনি।
চৌহালীর উন্নয়ন প্রসঙ্গে ত্রাণমন্ত্রী বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ওই এলাকার জন্য যতটা সম্ভব সহযোগিতা করা হবে। চলমান উন্নয়ন প্রকল্পগুলো শেষ হলে স্থানীয়ভাবে কর্মসংস্থানের সুযোগ আরও বাড়বে বলেও জানান তিনি।
এ সময় সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীমকে সহযোগিতা করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।
অনুষ্ঠান শেষে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সোহাগপুর নূতনপাড়া আলহাজ সিদ্দিক উচ্চবিদ্যালয় মাঠ থেকে বেলকুচি সরকারি কলেজ পর্যন্ত র্যালিতে অংশ নেন আসাদুল হাবিব দুলু ও আমিরুল ইসলাম খান আলীম।
এর আগে বেলকুচির তামাই এলাকায় তাঁতশিল্প পরিদর্শন করেন ত্রাণমন্ত্রী। পরে এনায়েতপুরে গবাদিপশু আশ্রয়কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং স্পার-২ নির্মাণকাজের উদ্বোধন করেন তিনি।
নিউজটি পোস্ট করেছেন :
Modern Television