জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন হৃদয়কে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।
সোমবার (২১ সেপ্টেম্বর) সংগঠনটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নোটিশে সাজ্জাদ হোসাইনকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নয়াপল্টনে ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একই সঙ্গে দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে কেন স্থায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়েও ব্যাখ্যা চাওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের উপস্থিতিতে সাজ্জাদকে তার বক্তব্যের লিখিত জবাব দিতে হবে।
জানা গেছে, সম্প্রতি জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন চবি ছাত্রদলের এই নেতা। পোস্টে তিনি ছাত্ররাজনীতিতে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার প্রসঙ্গ তুলে ধরে অতীতে তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আন্দোলনে অংশ নেওয়ার কথা উল্লেখ করেন।
পোস্টে সাজ্জাদ হোসাইন লেখেন, ‘ছাত্ররাজনীতির শুরু থেকে বিএনপির যেসব কর্মসূচিতে অংশ নিয়েছি, তার অধিকাংশই ছিল তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে। আজ জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। প্রতিবাদ জানালাম।’
তার এই বক্তব্য প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলোচনায় আসে। এর পরিপ্রেক্ষিতেই কেন্দ্রীয় ছাত্রদল তার কাছে লিখিত ব্যাখ্যা চেয়েছে।
নিউজটি পোস্ট করেছেন :
Modern Television