নেত্রকোনার মদনে পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবা খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে ইয়াসিনকে আটক করেছে পুলিশ।
বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে মদন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আশকিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত এলাহি (৬০) ওই এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে সকালে বাবা এলাহির সঙ্গে ছেলে ইয়াসিনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইয়াসিন ক্ষিপ্ত হয়ে ধারালো দা দিয়ে তার বাবাকে কুপিয়ে গুরুতর আহত করেন।
পরে স্থানীয়রা আহত এলাহিকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত ছেলে ইয়াসিনকে আটক করে মদন থানা পুলিশ।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দীন করিম জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
নিউজটি পোস্ট করেছেন :
Modern Television