মৌলভীবাজারে প্রতিবেশীকে হত্যা মামলায় ফাঁসানোর উদ্দেশ্যে নিজের ছোট মেয়েকে গলা কেটে হত্যার দায়ে শরীফ আলী নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আনোয়ারুল হক আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত শরীফ আলী কমলগঞ্জ উপজেলার পূর্ব ভানুবিল গ্রামের বাসিন্দা। নিহত শিশুটির নাম রুনা বেগম। ঘটনার সময় তার বয়স ছিল প্রায় সাড়ে তিন বছর।
মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশী সালেক মিয়াকে ফাঁসানোর পরিকল্পনা করেন শরীফ আলী। সেই পরিকল্পনার অংশ হিসেবে রাতে ঘুমন্ত অবস্থায় নিজের মেয়েকে গলা কেটে হত্যা করেন তিনি।
ঘটনার পর নিহত শিশুর মা নেকজান বিবি বাদী হয়ে আদালতে হত্যা মামলা করেন। পরে পুলিশ শরীফ আলীকে গ্রেপ্তার করলে তিনি আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।
দীর্ঘ প্রায় ১২ বছর ধরে মামলাটির বিচারিক কার্যক্রম ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত শরীফ আলীকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করেন। এরপর তাকে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানা অনাদায়ে অতিরিক্ত দণ্ডের আদেশও দেওয়া হয়েছে।
রায় ঘোষণার পর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দণ্ডপ্রাপ্ত আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়।
নিউজটি পোস্ট করেছেন :
Modern Television