আন্তর্জাতিক ডেস্ক | মডার্ন টেলিভিশন : ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে শুরু হয়েছে ছয় দিনের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা। শনিবার সকালে রাজধানী তেহরানে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির সূচনা হয়।
খামেনির মরদেহ গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে পৌঁছানোর আগেই সেখানে লাখো শোকাহত মানুষের ঢল নামে। শোক প্রকাশের পাশাপাশি অনেকের হাতে ছিল লাল পতাকা, যা প্রতিশোধের প্রতীক হিসেবে পরিচিত। এ সময় উপস্থিত জনতার একটি অংশ ‘আমেরিকার ধ্বংস হোক’ এবং ‘প্রতিশোধ, প্রতিশোধ’ স্লোগান দেয়।
মডার্ন টেলিভিশনের প্রাপ্ত তথ্য অনুযায়ী, আনুষ্ঠানিকতা শুরু হওয়ার অনেক আগেই গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্স মানুষের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে যায়। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মানুষ হেঁটে অনুষ্ঠানস্থলে পৌঁছান। জনসমাগম নিয়ন্ত্রণে তেহরানজুড়ে বিশেষ ট্রাফিক ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, জানাজা ও শেষ শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠানে অংশ নিতে তেহরানের বিভিন্ন মেট্রো স্টেশনের সামনে দীর্ঘ সারিতে অপেক্ষা করছেন হাজারো মানুষ।
জানাজা শেষে শেষ বিদায়ের শোভাযাত্রার একটি অংশ প্রতিবেশী ইরাকেও অনুষ্ঠিত হবে। এরপর নির্ধারিত কর্মসূচি অনুযায়ী খামেনিকে দাফন করা হবে।
নিউজটি পোস্ট করেছেন :
মডার্ন টেলিভিশন ডেস্ক