স্থানীয় সরকার নির্বাচন এক মাস পেছাচ্ছে, ভোট শুরু হতে পারে নভেম্বরে
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরের পরিবর্তে আগামী নভেম্বরে শুরু করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন দিয়ে এই ধাপের ভোট শুরু হতে পারে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের জন্য নভেম্বর থেকে মার্চ পর্যন্ত সময়কে উপযুক্ত মনে করছে কমিশন। সেই পরিকল্পনা অনুযায়ী আগামী নভেম্বরে নির্বাচন শুরু করার প্রস্তুতি এগোচ্ছে।
এর আগে অক্টোবরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন এবং আগস্টের শেষে তপশিল ঘোষণার কথা জানিয়েছিল ইসি। তবে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আয়োজনের কারণে স্থানীয় নির্বাচন এক মাস পিছিয়ে নভেম্বরে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
ইসি কমিশনার বলেন, অক্টোবরের শেষদিকে আরেকটি ভোট আয়োজনের কারণে নভেম্বরের প্রথম দিন থেকেই স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে—এমনটা নয়। পরিস্থিতি ও প্রস্তুতি বিবেচনা করেই ভোটের সময়সূচি নির্ধারণ করা হবে।
তিনি জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়েই স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রম শুরু হতে পারে। এর সঙ্গে পৌরসভা নির্বাচনও যুক্ত হতে পারে। তবে কোন ধাপে কোন নির্বাচন হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এদিকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন নিয়ে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য বাজেটে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে আগামী সপ্তাহে ইসির সঙ্গে বৈঠকে নির্বাচন আয়োজনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, নির্বাচনের তপশিল ও ভোটের তারিখ নির্ধারণের এখতিয়ার নির্বাচন কমিশনের। ইসির সঙ্গে আলোচনার পর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে।
নিউজটি পোস্ট করেছেন :
Modern Television