বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বাড়িতে তখন নববধূকে ঘিরে আনন্দ-উৎসব। পরদিন বৌভাতের আয়োজনও চলছিল পুরোদমে। এর মধ্যেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। স্ট্যান্ড ফ্যান সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন আহমেদ আনাস বাপ্পি (২২) নামে এক নববিবাহিত যুবক।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের গাছের দিয়াড় স্কুলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আনাস ওই এলাকার ইউসুফ আলীর ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে আনাসের সঙ্গে ফিলিপনগর ইউনিয়নের বাহেরমাদি আলীনগর এলাকার সাইফুল ইসলামের মেয়ে সাইরা খাতুনের বিয়ে হয়। বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে সাইরাকে শ্বশুরবাড়িতে তুলে আনা হয়। শুক্রবার নববধূকে ঘিরে বৌভাতের আয়োজন থাকায় বাড়িতে প্যান্ডেল ও আলোকসজ্জার প্রস্তুতি চলছিল।
রাতে আয়োজনের বিভিন্ন বিষয় তদারকি করছিলেন আনাস। একপর্যায়ে প্যান্ডেলের একটি স্ট্যান্ড ফ্যান সরাতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা দ্রুত তাকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আনাসের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বিয়ের আনন্দের বাড়িতে নেমে আসে শোকের ছায়া। স্বামীকে হারিয়ে বারবার জ্ঞান হারাচ্ছেন ১৮ বছর বয়সী নববধূ সাইরা খাতুন। স্বজনদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
হোগলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য মিলন হোসেন জানান, শুক্রবার বৌভাতের প্রস্তুতি চলছিল। তার আগেই এমন দুর্ঘটনায় পরিবারটির আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে যায়। ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
নিউজটি পোস্ট করেছেন :
Modern Television