ছবির ক্যাপশন: সংগ্রহীত
নিহত দিশা রানী মহন্ত ওই গ্রামের দ্বিজেন্দ্রনাথ মহন্তের মেয়ে। তিনি পুঠিয়া উপজেলার ধোকড়াকুল ডিগ্রি কলেজ থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছিলেন।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, পরীক্ষা শেষে বাড়ি ফিরে দুপুরের কোনো একসময় সবার অগোচরে নিজ ঘরের আড়ার সঙ্গে শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দেন দিশা। পরে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
স্বজনরা জানান, গত বছর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে অকৃতকার্য হওয়ার পর থেকেই দিশা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এ বছর আবারও পরীক্ষায় অংশ নিলেও পরীক্ষা আশানুরূপ না হওয়ায় তিনি গভীর হতাশায় ভুগছিলেন। পরিবারের ধারণা, সেই মানসিক চাপ থেকেই তিনি আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত নেন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।