ছবির ক্যাপশন: বাংলাদেশ সিরিজের আগে অস্ট্রেলিয়া দলে চোটের হানা
বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু করেছে অস্ট্রেলিয়া। তবে অনুশীলনের প্রথম দিনেই চোটে পড়েছেন উইকেটকিপার-ব্যাটার জশ ইংলিস, যা স্বাগতিকদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
ব্রিসবেনের অ্যালান বর্ডার ফিল্ডে নিজেদের মধ্যে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ের সময় ৮ রান করার পর পিঠের পেশিতে টান অনুভব করেন ইংলিস। এরপর তিনি মাঠ ছেড়ে চিকিৎসা নিতে জাতীয় ক্রিকেট সেন্টারের মেডিকেল বিভাগে যান।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিনের মধ্যেই তিনি সুস্থ হয়ে উঠবেন। তবে অতীতেও একাধিকবার পিঠের সমস্যায় ভোগায় তার চোটকে গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম কোড স্পোর্টস জানিয়েছে, ১৩ আগস্ট ডারউইনে বাংলাদেশের বিপক্ষে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে ইংলিসের খেলার সম্ভাবনা কম। তার পরিবর্তে উইকেটকিপারের দায়িত্ব পালন করতে পারেন অ্যালেক্স ক্যারি।
এ বছরের জানুয়ারিতে সিডনি টেস্টের পর এই প্রথম টেস্ট ক্রিকেটে মাঠে নামতে যাচ্ছে অস্ট্রেলিয়া। তাই পূর্ণোদ্যমে প্রস্তুতি শুরু করেছে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দল।
প্রস্তুতি ম্যাচে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন মার্নাস লাবুশেন। ৬২ রান করে তিনি বিশ্রামে যান। ওপেনার জেক ওয়েদারাল্ডও ৫২ রান করেন, পরে নাথান লায়নের বলে অ্যালেক্স ক্যারির স্টাম্পিংয়ের শিকার হন।
গত ডিসেম্বরে হ্যামস্ট্রিংয়ের গুরুতর চোটে পড়া নাথান লায়ন প্রত্যাবর্তনের ম্যাচেই তিনটি উইকেট তুলে নিয়ে নিজের ফিটনেসের প্রমাণ দিয়েছেন।
অন্যদিকে অস্ট্রেলিয়ার চার প্রধান পেসার—প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও স্কট বোল্যান্ড—প্রত্যেকে ১০ ওভার করে বোলিং করেছেন।
বাংলাদেশ সিরিজের জন্য ঘোষিত ১৩ সদস্যের স্কোয়াডের বাইরে থাকা কয়েকজন ক্রিকেটারও প্রস্তুতি ম্যাচে অংশ নেন। ম্যাট রেনশ জেক ওয়েদারাল্ডের সঙ্গে ইনিংসের সূচনা করেন। আর মঙ্গলবার (৪ আগস্ট) অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে ট্রাভিস হেডের।
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট ডারউইনে।