ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

গত ১৭ বছর শতভাগ বিদ্যুতের সকল বয়ানই ছিলো শুভঙ্করের ফাঁকি: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

Modern Television
নিউজ প্রকাশের তারিখ : Aug 31, 2026 ইং
ছবির ক্যাপশন: সংগ্রহীত ছবির ক্যাপশন: সংগ্রহীত
ad728
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, দেশে বিদ্যুৎ ও গ্যাস সংকট নতুন কোনো বিষয় নয়; দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণেই এ সংকট তৈরি হয়েছে। গত ১৭ বছর বিভিন্ন এলাকায় ‘শতভাগ বিদ্যুতায়ন’ সংক্রান্ত সাইনবোর্ড টানানো হলেও বাস্তব চিত্র ছিল ভিন্ন।

তিনি বলেন, ‘শতভাগ বিদ্যুতায়ন’সহ স্বয়ংসম্পূর্ণতার যেসব প্রচার চালানো হয়েছে, তার অনেকটাই ছিল শুভঙ্করের ফাঁকি।

সোমবার (৩১ আগস্ট) সকালে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী অভিযোগ করেন, বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ না নিয়ে কুইক রেন্টালের নামে বিশেষ ব্যক্তিদের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে।

শরীফুল আলম বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের মানুষের কাছে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি ও স্থায়ী সমাধানের পরিকল্পনা নেওয়া হচ্ছে। তবে এ পরিকল্পনা বাস্তবায়নে কিছুটা সময় প্রয়োজন বলেও জানান তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, মাদকের বিস্তার এখন অপরাধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে গেছে। শুধু পুলিশের পক্ষে মাদক নির্মূল বা সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ জন্য সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, অপরাধীদের সামাজিকভাবে বয়কট করতে হবে এবং অপরাধীর পরিচয় বা রাজনৈতিক অবস্থান যাই হোক না কেন, তাকে আইনের আওতায় আনতে হবে।

দেশের অর্জন ও স্থিতিশীলতা নষ্ট করতে একটি মহল সুযোগ নেওয়ার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। তাদের উদ্দেশ্য সম্পর্কে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো ধরনের অরাজকতা যাতে সৃষ্টি না হয়, সে জন্য সরকারের উদ্যোগে জনগণের সহযোগিতা প্রয়োজন।

সভায় সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জল হোসেন, পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

নিউজটি পোস্ট করেছেন : Modern Television

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ