সিলেট নগরীতে চুরির অভিযোগে এক কিশোরীকে কোমরে শিকল বেঁধে টেনে নেওয়া ও নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
ভিডিওতে দেখা যায়, কোমরে শিকল বাঁধা অবস্থায় কিশোরীকে একটি যুবক টেনে নিয়ে যাচ্ছেন। এ সময় ওই কিশোরীকে কাঁদতে দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে বিভিন্ন মহলে ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রের দাবি, সোমবার সন্ধ্যা ৭টার দিকে সিলেট নগরীর উপশহর ডি-ব্লক মসজিদ মার্কেট এলাকার একটি দোকানের ক্যাশবাক্স থেকে টাকা চুরির চেষ্টা করার অভিযোগে কিশোরীকে আটক করেন স্থানীয় কয়েকজন। পরে তাকে মারধর করা হয় এবং কোমরে শিকল পরিয়ে রাতে সড়কে হাঁটানো হয় বলে অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, রাত সাড়ে ১১টার দিকে খবর পেয়ে শাহপরান থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে কিশোরীকে উদ্ধার করে থানায় নেওয়া হয়। চুরির অভিযোগের ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে কিশোরীকে শিকল পরিয়ে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখছে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, কিশোরীকে শিকল পরিয়ে নির্যাতনের সঙ্গে কারা জড়িত, তা শনাক্তে কাজ চলছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজটি পোস্ট করেছেন :
Modern Television