ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

নতুন ভিসানীতি করছে সরকার

মডার্ন টেলিভিশন ডেস্ক
নিউজ প্রকাশের তারিখ : Jul 2, 2026 ইং
ছবির ক্যাপশন: সংগ্রহীত ছবির ক্যাপশন: সংগ্রহীত
ad728
মর্ডান টেলিভিশন ডেস্ক: দেশের বিদ্যমান ভিসা ব্যবস্থাকে সময়োপযোগী ও আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে নতুন ভিসানীতি প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। ২০০৬ সালের ভিসানীতিমালা সংশোধনের মাধ্যমে ভিসানীতি-২০২৬ প্রণয়নের লক্ষ্যে একটি খসড়া মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে খসড়াটি পর্যালোচনা করা হয়। এ সময় নীতিমালাটি আরও পরিমার্জনের জন্য অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি মন্ত্রিসভা কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, নতুন ভিসানীতির মাধ্যমে বাংলাদেশে বিদেশিদের আগমন ও প্রস্থান প্রক্রিয়াকে আরও সহজ, আধুনিক ও সুশৃঙ্খল করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, নতুন নীতিমালার মাধ্যমে বিদেশি বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে সহায়ক পরিবেশ তৈরি, দক্ষ মানবসম্পদ আকৃষ্ট করা, পর্যটন ও আতিথেয়তা খাতকে আরও গতিশীল করা, প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তর উৎসাহিত করা এবং জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য বজায় রাখার বিষয়গুলো গুরুত্ব পাবে।

এছাড়া পারস্পরিকতার ভিত্তিতে আন্তর্জাতিক ভ্রমণ ব্যবস্থাপনা আরও কার্যকর করা এবং সেবামুখী, আধুনিক অভিবাসন কাঠামো গড়ে তোলাও নতুন ভিসানীতির অন্যতম উদ্দেশ্য।

মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, গঠিত কমিটিকে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা প্রদান করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পর্যালোচনা শেষে চূড়ান্ত অনুমোদনের জন্য সংশোধিত খসড়া পুনরায় মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।

নিউজটি পোস্ট করেছেন : মডার্ন টেলিভিশন ডেস্ক

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ