ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

লড়াইয়ের প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

মডার্ন টেলিভিশন ডেস্ক
নিউজ প্রকাশের তারিখ : Jul 25, 2026 ইং
ছবির ক্যাপশন: আলিয়া মাদ্রাসা মাঠে বক্তব্য দিচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত ছবির ক্যাপশন: আলিয়া মাদ্রাসা মাঠে বক্তব্য দিচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত
ad728
জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে। তিনি জানান, সময় এলে ঢাকার কর্মসূচিতে অংশ নিতে হবে এবং ঘরে ঘরে আন্দোলনের দুর্গ গড়ে তুলতে হবে। তার ভাষায়, দেশ থেকে ফ্যাসিবাদ, দুর্নীতি, চাঁদাবাজি ও দুঃশাসনের অবসান না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

শনিবার (২৫ জুলাই) দুপুরে সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবি জানানো হয়।

ডা. শফিকুর রহমান বলেন, বিভাগীয় পর্যায়ের সমাবেশগুলো শেষ হলেও জনগণের মূল দাবি অপরিবর্তিত রয়েছে। তার দাবি, জনগণ ভোটের মাধ্যমে যে সিদ্ধান্ত দিয়েছে, এখন সেটির বাস্তবায়ন দেখতে চায়। তিনি বলেন, এ বিষয়ে আর কোনো বিলম্ব বা টালবাহানা গ্রহণযোগ্য হবে না।

বর্তমান সরকারের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, যারা একসময় নির্যাতিত ছিলেন, তারাই এখন পূর্ববর্তী সরকারের পথ অনুসরণ করছেন। প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ ও দুর্নীতি বাড়ছে বলেও তিনি মন্তব্য করেন। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, জনগণ যেমন অতীতে স্বৈরাচারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, ভবিষ্যতেও প্রয়োজন হলে একইভাবে প্রতিক্রিয়া জানাবে।

তিনি আরও বলেন, শহীদ ও আন্দোলনের অংশগ্রহণকারীদের আত্মত্যাগকে বৃথা যেতে দেওয়া হবে না। প্রয়োজনে ত্যাগ স্বীকার করেও আন্দোলনের লক্ষ্য অর্জনের অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

সমাবেশ থেকে গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আলটিমেটাম দেওয়া হয়। পাশাপাশি দাবি উপেক্ষিত হলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন ১১ দলীয় জোটের নেতারা।

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আব্দুল কাইয়ুম সুবহানী, খেলাফত আন্দোলনের আমির হাবিবুল্লাহ মিয়াজী, এবি পার্টির আসাদুজ্জামান ফুয়াদ, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান একেএম আমজাদুল ইসলাম চানসহ ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও সিলেট বিভাগের নেতারা বক্তব্য দেন।

সমাবেশ শুরুর আগেই সিলেট বিভাগের চার জেলা থেকে নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সমাবেশে সিলেট অঞ্চলের দীর্ঘদিনের উন্নয়ন বৈষম্য, অবকাঠামোগত সমস্যাসহ স্থানীয় বিভিন্ন দাবি তুলে ধরা হয়। একই সঙ্গে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও জোটের নেতারা নিজেদের অবস্থান তুলে ধরেন।

নিউজটি পোস্ট করেছেন : মডার্ন টেলিভিশন ডেস্ক

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ