মডার্ন টেলিভিশন ডেস্ক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বর্তমান ভিপি সাদিক কায়েম ছাত্রশিবিরের সাংগঠনিক দায়িত্ব থেকে বিদায় নিয়েছেন।
সোমবার (১৩ জুলাই) বিষয়টি মডার্ন টেলিভিশনকে নিশ্চিত করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।
সাদিক কায়েম জানান, ছাত্রশিবিরের সাংগঠনিক কাঠামো অনুযায়ী বছরে দুইবার দায়িত্ব পুনর্বিন্যাস (সেটআপ) করা হয়। ২০২৬ সালের ষাণ্মাসিক পুনর্বিন্যাসে তার দায়িত্বের মেয়াদ শেষ হয়েছে এবং সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই তিনি বিদায় নিয়েছেন।
বর্তমানে তিনি ডাকসুর সহ-সভাপতি (ভিপি) হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে মাঠপর্যায়ে সমন্বয়, কর্মসূচি বাস্তবায়ন এবং সংগঠকদের সঙ্গে যোগাযোগ রক্ষার ভূমিকার মাধ্যমে তিনি আলোচনায় আসেন।
এর আগে, প্রায় দুই মাস আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। গত ১ মে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আয়োজিত থানা ও বিভাগীয় দায়িত্বশীল সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
ওই ঘোষণার পর ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়েছিল, সংগঠনের দায়িত্বে থেকে কোনো রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। রাজনৈতিক অঙ্গনে তখন থেকেই ধারণা করা হচ্ছিল, সাংগঠনিক দায়িত্বে পরিবর্তন আসতে পারে। সর্বশেষ সেই প্রেক্ষাপটেই ছাত্রশিবিরের দায়িত্ব থেকে সাদিক কায়েমের বিদায়ের বিষয়টি নিশ্চিত হলো।
রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, আগামী দিনে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতিতে আরও সক্রিয় ভূমিকা পালন করতে পারেন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনও দেওয়া হয়নি।
সাদিক কায়েমের শিক্ষাজীবন শুরু হয় খাগড়াছড়ির বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসায়। ২০১৪ সালে দাখিল এবং ২০১৬ সালে বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসা থেকে আলিম সম্পন্ন করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন। পরবর্তীতে একই বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
জানা যায়, ২০১৩ সালে তিনি ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি হিসেবে প্রথমবার প্রকাশ্যে আসেন। ২০২৫-২৬ মেয়াদে তিনি কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং ২০২৬ সালের জানুয়ারি থেকে কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
এছাড়া ছাত্ররাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডেও সম্পৃক্ত ছিলেন সাদিক কায়েম। তিনি স্টুডেন্টস এগেইনস্ট ভায়োলেন্স এভরিহোয়ার (SAVE)-এর পরামর্শক কর্মী, বাংলাদেশ ইয়ুথ ইনিশিয়েটিভের সাবেক সাধারণ সম্পাদক এবং পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সভাপতির দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি পাহাড়ি জনগোষ্ঠীর উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে কাজ করার লক্ষ্যে ‘হিল সোসাইটি’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠা করেন।
নিউজটি পোস্ট করেছেন :
Deleted