বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় কিছুটা উন্নতি করেছে বাংলাদেশের অবস্থান। ২০২৬ সালের মাঝামাঝি প্রকাশিত সর্বশেষ বৈশ্বিক পাসপোর্ট সূচকে বাংলাদেশ তিন ধাপ এগিয়ে ৯৭তম স্থানে উঠে এসেছে। তবে একই সূচকে আফ্রিকার দেশ উগান্ডা রয়েছে ৭২তম অবস্থানে, অর্থাৎ বাংলাদেশের চেয়ে ২৫ ধাপ এগিয়ে।
যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান Henley & Partners মঙ্গলবার (২১ জুলাই) তাদের সর্বশেষ পাসপোর্ট সূচক প্রকাশ করে। সেখানে দেখা যায়, বাংলাদেশের পাসপোর্টধারীরা বর্তমানে আগাম ভিসা ছাড়াই বা ভিসা-অন-অ্যারাইভাল সুবিধায় বিশ্বের ৩৫টি দেশে ভ্রমণ করতে পারেন। বিপরীতে, উগান্ডার নাগরিকরা একই সুবিধায় ৬৫টি দেশে প্রবেশের সুযোগ পান।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি ভ্রমণ গন্তব্যে ভিসা-সুবিধার ভিত্তিতে এই র্যাংকিং নির্ধারণ করা হয়েছে।
যদিও বাংলাদেশের অবস্থান গত বছরের তুলনায় তিন ধাপ এগিয়েছে, তবে ভিসামুক্ত বা সহজ ভিসা সুবিধার দেশের সংখ্যা কমেছে। ২০২৫ সালে বাংলাদেশি পাসপোর্টধারীরা ৩৭টি দেশে এ সুবিধা পেলেও, বর্তমানে সেই সংখ্যা নেমে এসেছে ৩৫-এ।
সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের অবস্থানে ওঠানামা লক্ষ্য করা গেছে। ২০২৫ সালে অবস্থান ছিল ১০০তম, ২০২৪ সালে ৯৭তম এবং ২০২০ সালে ৯৮তম। এছাড়া ২০২১, ২০২২ ও ২০২৩ সালে বাংলাদেশের অবস্থান ছিল যথাক্রমে ১০৮তম, ১০৩তম এবং ১০১তম।
এবারের সূচকে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ৯৭তম অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া। তালিকার শীর্ষে রয়েছে সিঙ্গাপুর, আর সর্বশেষ অবস্থানে রয়েছে আফগানিস্তান।
নিউজটি পোস্ট করেছেন :
মডার্ন টেলিভিশন ডেস্ক