পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ক্রসফায়ার ফিরিয়ে আনার বিষয়ে যে বক্তব্য দিয়েছেন, তা সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি প্রশ্ন তুলেছেন, পুলিশ বাহিনীর প্রধান হয়ে কীভাবে তিনি ক্রসফায়ারের কথা বলতে পারেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন রিজভী।
তিনি বলেন, আইজিপি সরকারের একটি অংশ এবং গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। বক্তব্যটি অনিচ্ছাকৃতভাবে মুখ ফসকে বলা হয়ে থাকলে বিষয়টি ভিন্ন। তবে এ ধরনের মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে পারে।
রিজভী বলেন, গত ১৭ বছর ধরে গুম, খুন, গুপ্তহত্যা ও অমানবিক শাসনের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে ৫ আগস্ট ও জুলাইয়ের গণ-অভ্যুত্থান এসেছে। এরপর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করেছে। এ পরিস্থিতিতে দেশের মানুষের প্রত্যাশা একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলা। এমন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানের কাছ থেকে ক্রসফায়ার নিয়ে এ ধরনের বক্তব্য আসা উদ্বেগের বিষয় বলে মন্তব্য করেন তিনি।
অপরাধ ও সন্ত্রাস দমনে আইনবহির্ভূত পদ্ধতির প্রয়োজন নেই উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, দেশে প্রচলিত আইন রয়েছে। সেই আইন যথাযথভাবে প্রয়োগ করেই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব। বেআইনি পদ্ধতি অনুসরণ করে আইনের শাসন প্রতিষ্ঠা করা যায় না।
তিনি আরও বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানবিক পরিবেশ নিশ্চিত করা জরুরি। এ জন্য পুলিশ বাহিনীকে আইন মেনে দায়িত্ব পালন করতে হবে এবং অপরাধ দমনে প্রচলিত আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে।
এর আগে, সোমবার দুপুরে পুরান ঢাকার চকবাজারে এক অনুষ্ঠানে আইজিপি আলী হোসেন ফকির বলেন, ‘যেখানে ক্রসফায়ার যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাও করে, আমরা সেটাই করব।’
পুলিশপ্রধানের এ বক্তব্য প্রকাশ্যে আসার পর বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা দেয়। সমালোচনার মুখে পুলিশের পক্ষ থেকে বক্তব্যটির ব্যাখ্যাও দেওয়া হয়।
নিউজটি পোস্ট করেছেন :
Modern Television