ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো অবস্থায় উদ্ধার হওয়া মরদেহের পরিচয় মিলেছে। নিহত ব্যক্তি জামালপুরের ইসমাইল হোসেন। মেয়ের বিয়ের জন্য জমি বিক্রি করে পাওয়া টাকা সঙ্গে নিয়ে গাজীপুরে ফিরছিলেন তিনি।
পরিবারের সদস্যদের দাবি, জমি বিক্রির ওই টাকা ইসমাইলের সঙ্গে ছিল। তবে মরদেহ উদ্ধারের পর তার কাছে সেই টাকা পাওয়া যায়নি। একই সঙ্গে তার ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড ফোন ও একটি বাটন ফোনও নিখোঁজ রয়েছে।
নিহত ইসমাইল হোসেনের বয়স ৫০ বছর। তিনি জামালপুর সদর উপজেলার জালাল উদ্দিনের ছেলে। পরিবারের ভাষ্য অনুযায়ী, গ্রামের বাড়ি জামালপুর থেকে গাজীপুরে ফেরার পথে কোনো এক সময় নিখোঁজ হন তিনি।
পরে পুলিশের কাছ থেকে খবর পেয়ে শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান স্বজনরা। সেখানে মরদেহ দেখে ইসমাইলকে শনাক্ত করেন তারা।
মেয়ের বিয়ের আয়োজনের জন্য জমি বিক্রি করে পাওয়া অর্থ নিয়ে ফেরার পথেই তার এমন পরিণতি ঘিরে পরিবারে নেমে এসেছে শোক। পাশাপাশি টাকা ও দুটি মোবাইল ফোনের সন্ধান না মেলায় ঘটনাটি নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।
নিউজটি পোস্ট করেছেন :
Modern Television