#
ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : মির্জা ফখরুল

Modern Television
নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2026 ইং
ছবির ক্যাপশন: উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : মির্জা ফখরুল ছবির ক্যাপশন: উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : মির্জা ফখরুল
ad728

ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জন্য বিভিন্ন উন্নয়ন সহায়তা কর্মসূচির উদ্বোধন করে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী দীর্ঘদিন ধরে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তাদের জমি দখল, শিক্ষা ও কর্মসংস্থানে বিদ্যমান বৈষম্য দূর করতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করছে এবং তাদের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ হলরুমে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল, শিক্ষাবৃত্তির চেক ও ঘর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের কষ্ট পুরো জাতির কষ্ট। বিভিন্ন সময়ে প্রভাবশালী ও সুবিধাবাদী ব্যক্তিরা তাদের জমি দখল করেছে। এ ধরনের অন্যায় প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষকেও নিজেদের অধিকার আদায়ে আরও সোচ্চার হতে হবে।

তিনি জানান, প্রথমবারের মতো একটি রাজনৈতিক দল সংরক্ষিত মহিলা আসনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর একজন প্রতিনিধিকে মনোনয়ন দিয়েছে। পাশাপাশি পাহাড়ি জনগোষ্ঠী ও সনাতন ধর্মাবলম্বীদেরও মনোনয়ন দেওয়া হয়েছে। শিগগিরই একটি বড় সমাবেশ আয়োজনের পরিকল্পনার কথাও জানান তিনি, যেখানে প্রধানমন্ত্রীকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হবে।

সরকারের বিভিন্ন সামাজিক কর্মসূচির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড, নারীর ক্ষমতায়ন, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি, ধর্মযাজক ও সাবেক খেলোয়াড়দের ভাতা প্রদানসহ নানা উদ্যোগ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও জানান, সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জন্য ১০০ কোটি টাকার একটি তহবিল গঠন করা হয়েছে। এই তহবিল থেকে উদ্যোক্তা হতে আগ্রহী এবং ক্ষুদ্র ব্যবসা শুরু করতে ইচ্ছুক ব্যক্তিরা আর্থিক সহায়তা পাবেন।

মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁওয়ের অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠীর মেয়ে বর্তমানে ঢাকায় জাতীয় পর্যায়ের বিভিন্ন ক্রীড়া দলে খেলছেন, যা জেলার জন্য গর্বের বিষয়। বক্তব্যের শেষে তিনি বিগত নির্বাচনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমরা আপনাদের সঙ্গে নিয়েই কাজ করতে চাই। আসুন, সবাই মিলে একটি বৈষম্যহীন ও উন্নত বাংলাদেশ গড়ে তুলি।”

অনুষ্ঠানে জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর উপকারভোগীরা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : Modern Television

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ