জাতীয় সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৮টা ৭ মিনিটে তারা সংসদ থেকে বেরিয়ে যান।
এর আগে রাত ৮টার দিকে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে দিনের কার্যসূচি অনুযায়ী আইন প্রণয়নের কার্যক্রম শুরু হয়। এ সময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বক্তব্য দেওয়ার অনুমতি চান। অনুমতি পেয়ে তিনি সংবিধান সংশোধন কমিটি গঠন, জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকরসহ বিভিন্ন বিষয়ে আপত্তি তুলে ধরেন।
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় থাকলেও অধিবেশনের শুরুতেই কয়েকটি বিশেষ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। তার দাবি, গণভোটের রায় অনুযায়ী সংস্কার বাস্তবায়ন এবং জুলাই জাতীয় সনদ কার্যকর করাই ছিল বেশি গুরুত্বপূর্ণ।
সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সময়ক্ষেপণ করছে এমন অভিযোগ তুলে এর প্রতিবাদে বিরোধীদল ওয়াকআউটের সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।
এর আগে বিকেল ৩টায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের দিনের অধিবেশন শুরু হয়।
নিউজটি পোস্ট করেছেন :
Modern Television