রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বৈষম্য, দুর্নীতি, গুম-খুন, ভোটাধিকার হরণ, নিপীড়ন এবং ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে দেশের সাধারণ মানুষের জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এ মন্তব্য করেন।
বাণীতে তিনি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মত্যাগকে জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে আন্দোলনে আহতদের সাহসিকতার প্রশংসা করে তিনি বলেন, অনেকেই আজও শারীরিক কষ্ট নিয়ে জীবনযাপন করছেন। শহীদ পরিবারের সদস্যদের প্রতিও তিনি গভীর সমবেদনা প্রকাশ করেন।
রাষ্ট্রপতি বলেন, জুলাই আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতা ও দেশপ্রেমিক নাগরিকদের ত্যাগ জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। তিনি উল্লেখ করেন, ১৬ জুলাই রংপুরে আবু সাঈদের গুলিবিদ্ধ হয়ে শহীদ হওয়া এবং একই দিনে দেশের বিভিন্ন স্থানে আরও কয়েকজন তরুণের প্রাণদান আন্দোলনকে নতুন গতি দেয়। পরবর্তী সময়ে শিক্ষার্থীদের গ্রেপ্তার, দমন-পীড়ন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের রাজপথে নেমে আসার মধ্য দিয়ে আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেয়।
রাষ্ট্রপতি আরও বলেন, এই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর একক অর্জন নয়; বরং এটি গণতন্ত্র, ন্যায়বিচার ও অধিকার প্রতিষ্ঠায় জনগণের সম্মিলিত সংগ্রামের ফল। তিনি বলেন, জনগণই রাষ্ট্রক্ষমতার প্রকৃত উৎস এবং তাদের অধিকার, মর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্ব।
তিনি বলেন, জুলাইয়ের চেতনা একটি মানবিক, বৈষম্যহীন, স্বৈরাচারমুক্ত, দুর্নীতিবিরোধী ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে জাতিকে অনুপ্রাণিত করবে।
রাষ্ট্রপতি জানান, শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের যথাযথ সম্মান, তাদের পরিবারের কল্যাণ, আহতদের পুনর্বাসন এবং সংশ্লিষ্ট হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্য বাস্তবায়নে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান ও মানবিক সংগঠনগুলোকেও সহযোগিতার আহ্বান জানান তিনি।
বাণীর শেষাংশে রাষ্ট্রপতি সবাইকে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে শহীদদের স্বপ্নের বৈষম্যহীন, গণতান্ত্রিক, ইনসাফভিত্তিক ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি তিনি জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সফলতা প্রত্যাশা করেন।
নিউজটি পোস্ট করেছেন :
Deleted