মডার্ন টেলিভিশন ডেস্ক : উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন কার্যক্রম আরও কার্যকরভাবে তদারকির জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ ড্যাশবোর্ড চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই ধরনের ড্যাশবোর্ড সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মন্ত্রীদের কার্যালয়েও স্থাপন করা হবে বলে তিনি জানান।
বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে দি ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে বাংলাদেশ অর্থনীতি সমিতি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক মাহবুব উল্লাহ এবং সঞ্চালনা করেন সদস্যসচিব মোহাম্মদ হেলাল উদ্দিন।
অর্থমন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি প্রতিদিন ড্যাশবোর্ডের মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। কোন প্রকল্পের কাজ কতদূর এগিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যাবে। তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ের মধ্যে অন্তত ৮০ শতাংশ প্রকল্পের কাজ সম্পন্ন করা গেলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও শক্তিশালী হবে।
তিনি আরও বলেন, নতুন বাজেটে অর্থনৈতিক কাঠামোয় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থনীতির গণতন্ত্রায়ণের মাধ্যমে দেশের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্য রয়েছে সরকারের। অতীতে একটি নির্দিষ্ট গোষ্ঠী অধিকাংশ সুযোগ-সুবিধা ভোগ করলেও এখন সেই ধারা থেকে বেরিয়ে এসে অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলার চেষ্টা চলছে।
আলোচনা সভায় ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান আবু আহমেদ বলেন, আগামী অর্থবছরের জন্য ৬ দশমিক ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হলেও বাস্তব পরিস্থিতি বিবেচনায় তা অর্জন বড় চ্যালেঞ্জ হতে পারে। তিনি ব্যবসা-বাণিজ্যে গতি ফিরিয়ে আনতে নীতি সুদহার কমানোর ওপর গুরুত্বারোপ করেন।
সভায় আরও বক্তব্য দেন র্যাপিডের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক শরমিন্দ নীলোর্মি, বিআইডিএসের গবেষণা পরিচালক ড. মোহাম্মদ ইউনূস, অর্থনীতিবিদ কাজী ইকবাল ও অতনু রব্বানি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সায়মা হক বিদিশাসহ বিভিন্ন খাতের বিশিষ্ট অর্থনীতিবিদ ও গবেষকরা।
অন্যদের মধ্যে এআইটির ইমেরিটাস অধ্যাপক এ টি এম নূরুল আমিন, বিসিআই সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী (পারভেজ), বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন এবং বিআইজিডির নির্বাহী পরিচালক ইমরান মতিনও অনুষ্ঠানে মতামত তুলে ধরেন।
নিউজটি পোস্ট করেছেন :
মডার্ন টেলিভিশন ডেস্ক