রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিল ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। পুলিশের দাবি, মিছিল ছত্রভঙ্গ করতে গেলে তাদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। পরে অভিযান চালিয়ে ৩২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ—ডিএমপি।
পুলিশ জানায়, শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে গুলশান থানার ৩ নম্বর সড়কের একটি গলিতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের প্রায় দেড় থেকে দুইশ নেতাকর্মী জড়ো হন। একপর্যায়ে তারা মিছিল বের করার চেষ্টা করেন।
পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীদের পক্ষ থেকে পুলিশকে লক্ষ্য করে ককটেল ছোড়া হয় বলে অভিযোগ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুটি রাবার বুলেট ছোড়ে। এরপর মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে মিছিলে সরাসরি অংশ নেওয়ার অভিযোগে ৩২ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি ককটেল উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দাউদ হোসেন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এদিকে, ঘটনার পর গুলশান এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।
নিউজটি পোস্ট করেছেন :
Modern Television