কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন হলে সরকার ও বিরোধী দল আলোচনার মাধ্যমে ঐকমত্যে পৌঁছে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে রংপুর বিভাগীয় স্টেডিয়াম ও ইনডোর স্টেডিয়ামের নাম পরিবর্তন করে শহীদ আবু সাঈদের নামে নামকরণ ও উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
এদিন রংপুর বিভাগীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ‘শহীদ আবু সাঈদ বিভাগীয় স্টেডিয়াম’ এবং রংপুর ইনডোর স্টেডিয়ামের নাম রাখা হয় ‘শহীদ আবু সাঈদ ইনডোর স্টেডিয়াম’। শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম ও ভাইদের সঙ্গে নিয়ে স্টেডিয়াম দুটির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম বলেন, পরাজিত ও পলাতক ফ্যাসিস্ট রাজনৈতিক শক্তি নানা ষড়যন্ত্রের চেষ্টা করলেও বাংলাদেশে তাদের ফিরে আসার সুযোগ নেই। দেশকে আবার কোনো বিদেশি শক্তির অধীনস্থ করার চেষ্টা সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ২৪ জুলাইয়ের আন্দোলনে বাংলাদেশের প্রথম শহীদ হিসেবে আবু সাঈদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিদ্ধান্তে স্টেডিয়াম দুটির নাম পরিবর্তন করা হয়েছে। তার স্মৃতি মানুষের হৃদয়ে ধরে রাখার পাশাপাশি জুলাই আন্দোলনের ইতিহাসকে সম্মান জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর জনগণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেছে। বাংলাদেশকে নতুন করে অন্য কোনো দেশের প্রভাবাধীন করার চেষ্টা যারা করছে, তাদের সেই পরিকল্পনা সফল হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা, জনগণ ও জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সরকার কাজ করবে।
আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রসঙ্গে প্রতিমন্ত্রী অভিযোগ করেন, জাতীয় সংসদের শেষ অধিবেশনের দিন দেশের বিভিন্ন স্থানে পেট্রলবোমা নিক্ষেপ, থানা পোড়ানোসহ নাশকতার চেষ্টা চালানো হয়েছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং শহীদদের আত্মত্যাগকে অবমূল্যায়ন করার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, বর্তমান সরকার মানবিক ও গণতান্ত্রিক নীতিতে বিশ্বাসী। আগের সরকারের মতো গুম, হত্যা কিংবা গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার নীতি অনুসরণ করতে চায় না সরকার। ধৈর্য ও মানবিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে। তবে সরকারের এই অবস্থানকে দুর্বলতা হিসেবে বিবেচনা করা উচিত নয়।
থানা, সরকারি অফিস ও উন্নয়ন কার্যক্রম প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, কোনো এলাকার জনগণ যদি সেখানে থানা বা সরকারি প্রতিষ্ঠান প্রয়োজন মনে না করেন, তাহলে জনগণের মতামতকে গুরুত্ব দিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে। মানুষের চাহিদা ও প্রয়োজনের ভিত্তিতেই সরকারি সেবা এবং উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে।
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, অগ্নিসংযোগ, বোমা হামলা, হত্যা ও গুমের মতো কর্মকাণ্ডের মাধ্যমে দলটি অতীতে দেশে ভয় ও আতঙ্কের পরিবেশ তৈরি করেছিল। সাম্প্রতিক ঘটনাগুলোও তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের চরিত্র তুলে ধরেছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত বর্তমান পরিস্থিতিতে যথার্থ বলে প্রতীয়মান হয়েছে। সংবিধান সংশোধনের চলমান উদ্যোগের মধ্যে দলটিকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার বিষয়টি সামনে এলে সরকার ও বিরোধী দল পারস্পরিক ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে।
রংপুরের ক্রীড়া অবকাঠামো উন্নয়নের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, শহীদ আবু সাঈদ স্টেডিয়াম সংস্কারে ইতোমধ্যে ৫৪ লাখ টাকার প্রকল্প নেওয়া হয়েছে। ভবিষ্যতে স্টেডিয়ামটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য প্রয়োজনীয় কাজও করা হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী দুর্গাপূজার সময় রংপুর সফরে এসে দেশের সব অঞ্চলের সমান উন্নয়নের ওপর গুরুত্ব দিয়েছিলেন। সেই পরিকল্পনার ধারাবাহিকতায় রংপুর সিটি করপোরেশনের সংস্কার ও অবকাঠামোগত উন্নয়নে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
এ ছাড়া রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ, জেলা পরিষদ ও সিটি করপোরেশন নতুন উন্নয়ন প্রকল্প প্রস্তাব জমা দিলে সেগুলো বিবেচনা করে অনুমোদনের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।
বৃহত্তর রংপুর অঞ্চলের উন্নয়নে সাড়ে ৫ হাজার কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। রংপুর জেলার জন্য পৃথকভাবে সাড়ে ৫০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন করা হয়েছে। পাশাপাশি গাইবান্ধা, লালমনিরহাট, কুড়িগ্রাম ও নীলফামারীর উন্নয়নেও নতুন প্রকল্প নেওয়া হচ্ছে।
উত্তরাঞ্চলের যোগাযোগব্যবস্থা উন্নয়নে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের বিষয়টিও তুলে ধরেন তিনি। প্রতিমন্ত্রী জানান, রংপুর বিভাগের মানুষসহ উত্তরাঞ্চলের বাসিন্দারা যাতে বেশি সুবিধা পান, সে বিবেচনায় সেতুর সম্ভাব্য অবস্থান নির্ধারণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে সেতু মন্ত্রণালয় ও সেতু কর্তৃপক্ষকে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ করতে বলা হয়েছে।
নিউজটি পোস্ট করেছেন :
Modern Television