ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১৭ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে নুরুল হক (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলার নথি সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট রাতের শেষভাগে প্রায় ৩টার দিকে বাড়ির বারান্দার একটি কক্ষে ঘুমিয়ে ছিল ওই কিশোরী। এ সময় তার বাবা নুরুল হক সেখানে গিয়ে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে।
ঘটনার কয়েক দিন পর বিষয়টি মাকে জানায় কিশোরী। পরে ঘটনা প্রকাশ্যে আসার পর নুরুল হক স্ত্রী ও মেয়েকে ভয়ভীতি দেখিয়ে হুমকি দেন বলেও মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ১১টার দিকে কিশোরীর মা বাদী হয়ে স্বামী নুরুল হকের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় মামলা করেন।
মামলার পর ওই রাতেই অভিযান চালিয়ে ঈশ্বরগঞ্জ পৌর শহরের মুক্তিযোদ্ধা মোড়সংলগ্ন হাসপাতাল রোড এলাকা থেকে নুরুল হককে আটক করে পুলিশ।
গ্রেপ্তার নুরুল হক উপজেলার উত্তর কাকনহাটি গ্রামের মৃত হাচেন আলীর ছেলে।
পুলিশ আরও জানিয়েছে, নুরুল হকের বিরুদ্ধে ঢাকার বাড্ডা থানায় দস্যুতার একটি মামলাও রয়েছে। ওই মামলায় দণ্ডবিধির ৩৯৪ ধারায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। সেই মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম জানান, কিশোরীর মায়ের করা মামলার ভিত্তিতেই নুরুল হককে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি বাড্ডা থানার মামলার গ্রেপ্তারি পরোয়ানাও তার বিরুদ্ধে কার্যকর রয়েছে। দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
নিউজটি পোস্ট করেছেন :
Modern Television