ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে কমল ৩৫৭ টাকা

মডার্ন টেলিভিশন ডেস্ক
নিউজ প্রকাশের তারিখ : Jul 2, 2026 ইং
ছবির ক্যাপশন: সংগ্রহীত ছবির ক্যাপশন: সংগ্রহীত
ad728
মডার্ন টেলিভিশন ডেস্ক: ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ব্যবহারে স্বস্তির খবর এসেছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জুলাই মাসের জন্য এলপিজির নতুন মূল্য নির্ধারণ করেছে, যেখানে ১২ কেজি সিলিন্ডারের দাম একবারে ৩৫৭ টাকা কমানো হয়েছে। ফলে এখন থেকে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন খুচরা মূল্য ১ হাজার ৫২৮ টাকা।

বৃহস্পতিবার বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানায়, নতুন এই মূল্য আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। নতুন হিসাব অনুযায়ী প্রতি কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে ১২৭ টাকা ৩০ পয়সা, যা আগে ছিল ১৫৭ টাকা ৬ পয়সা। একই হারে দেশের বাজারে বিক্রি হওয়া বিভিন্ন ওজনের এলপিজি সিলিন্ডারের দামও সমন্বয় করা হবে।

গত কয়েক মাসে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এর প্রভাবে চলতি বছরের এপ্রিলে দেশে এলপিজির দামে রেকর্ড বৃদ্ধি দেখা যায়। ওই মাসের শুরুতে ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮৭ টাকা বাড়ানো হয় এবং পরে আরও ২১২ টাকা বৃদ্ধি পেয়ে এর মূল্য দাঁড়ায় ১ হাজার ৯৪০ টাকা। পরবর্তী মাসে দাম অপরিবর্তিত থাকলেও জুনে ৫৫ টাকা কমিয়ে তা ১ হাজার ৮৮৫ টাকায় নির্ধারণ করা হয়।

বিশ্ববাজারে মূল্য কমতে শুরু করায় এবার আরও বড় পরিসরে দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। বিশেষ করে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির পর আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেনের মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারেও এর প্রভাব পড়েছে।

তবে ভোক্তাদের দীর্ঘদিনের অভিযোগ, বিইআরসি নির্ধারিত দামে অনেক এলাকায় এলপিজি সিলিন্ডার বিক্রি করা হয় না। বিশেষ করে গৃহস্থালিতে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের ক্ষেত্রে অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগ প্রায়ই উঠে আসে।

অন্যদিকে সরকারি প্রতিষ্ঠানের সরবরাহ করা সাড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৮২৫ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। এছাড়া যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৭০ টাকা ৪০ পয়সা, যা আগে ছিল ৮৬ টাকা ৯৩ পয়সা।

উল্লেখ্য, ২০২১ সালের এপ্রিল মাস থেকে প্রতি মাসে আন্তর্জাতিক বাজারের সৌদি কার্গো মূল্য (সিপি), ডলারের বিনিময় হার এবং আমদানি ব্যয়ের ভিত্তিতে দেশে এলপিজির মূল্য নির্ধারণ করে আসছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

নিউজটি পোস্ট করেছেন : মডার্ন টেলিভিশন ডেস্ক

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ