মডার্ন টেলিভিশন ডেস্ক: যুক্তরাষ্ট্র থেকে তুলনামূলক বেশি দামে গম আমদানির সিদ্ধান্ত জনগণের বৃহত্তর স্বার্থ বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তথ্য উপদেষ্টা জানান, বাংলাদেশি তৈরি পোশাকের ওপর যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক প্রত্যাহারের প্রেক্ষাপটে কৌশলগত কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ভাষ্য, গমের মূল্য কিছুটা বেশি হলেও দেশের অর্থনৈতিক স্বার্থ ও জনগণের কল্যাণ বিবেচনায় এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, জিটুজি-০৩ চুক্তির আওতায় ইতোমধ্যে তিন দফায় মোট প্রায় এক লাখ ৮১ হাজার মেট্রিক টনের বেশি গম দেশে পৌঁছেছে। প্রথম চালানে এসেছে ৫৮ হাজার ৪৫৭ মেট্রিক টন, দ্বিতীয় চালানে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন এবং তৃতীয় চালানে ৬১ হাজার মেট্রিক টন গম।
ব্রিফিংয়ে স্থানীয় সরকার নির্বাচন নিয়েও কথা বলেন ডা. জাহেদ উর রহমান। তিনি জানান, আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী বছরের অক্টোবরের মধ্যে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশন রোডম্যাপ প্রণয়নের কাজ করছে।
জুন মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে জনমনে যে অভিযোগ তৈরি হয়েছে, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
খাদ্য নিরাপত্তার বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, উৎপাদন থেকে সংরক্ষণ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে খাদ্যপণ্যে অতিরিক্ত রাসায়নিক ব্যবহারের প্রবণতা উদ্বেগজনক। এ পরিস্থিতি মোকাবিলায় খাদ্য ব্যবসায়ীদের তথ্যভান্ডার তৈরি, সচেতনতা বৃদ্ধি এবং অনিরাপদ খাদ্য ব্যবস্থাপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাভারে এনসিপির জনসভায় ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
এছাড়া জুলাই গণঅভ্যুত্থান নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, এ ধরনের মন্তব্য অত্যন্ত দুঃখজনক হলেও বর্তমান আইনি কাঠামো অনুযায়ী তা সরাসরি ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হয় না। তবে এ বিষয়ে আইনগত দৃষ্টিভঙ্গি পরিবর্তনের প্রয়োজন আছে কি না, সে বিষয়ে আলোচনা চলতে পারে।
নিউজটি পোস্ট করেছেন :
মডার্ন টেলিভিশন ডেস্ক