মডার্ন টেলিভিশন ডেস্ক: চার দিনের সরকারি সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (স্থানীয় সময়) বিকেল ৫টা ১৫ মিনিটে বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে যাত্রা করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন। বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমানকে বিদায় জানান চীনের প্রেসিডেন্টের বিশেষ দূত ইউয়ে শিয়াওইয়ং। আনুষ্ঠানিক বিদায় পর্বে লালগালিচা অতিক্রম করে উড়োজাহাজে আরোহন করেন প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী।
সফরের শুরুতে গত সোমবার রাতে মালয়েশিয়া থেকে চীনের দালিয়ান শহরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে যোগ দেন তিনি।
পরবর্তীতে বুধবার হাই-স্পিড বুলেট ট্রেনে বেইজিংয়ে পৌঁছে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তারেক রহমান। এছাড়া চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং বেইজিংয়ে আয়োজিত বিনিয়োগ সম্মেলনেও অংশ নেন তিনি।
সফরের শেষ দিনে শুক্রবার সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদার এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এর আগে, ২১ জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়া সফর শেষে সেখান থেকেই তিনি চীন সফরে যোগ দেন।
নিউজটি পোস্ট করেছেন :
Deleted