ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ইরানে খামেনির শেষবিদায়ের আনুষ্ঠানিকতা শুরু, মরদেহ রাখা হলো কোথায়

মডার্ন টেলিভিশন ডেস্ক
নিউজ প্রকাশের তারিখ : Jul 3, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

মডার্ন টেলিভিশন ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষবিদায় ও দাফনকে কেন্দ্র করে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। দেশটির সরকার জানিয়েছে, কয়েক দিনব্যাপী এই আয়োজনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে রাষ্ট্রীয় প্রতিনিধি, কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তি এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, প্রায় ১০০টি দেশের প্রতিনিধিদল এই রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দেবে। প্রতিবেশী দেশগুলোর উচ্চপর্যায়ের প্রতিনিধিদের পাশাপাশি অন্তত আটজন রাষ্ট্র বা সরকারপ্রধান এবং ১২টি দেশের পার্লামেন্টের স্পিকার উপস্থিত থাকবেন। এছাড়া বিভিন্ন দেশ তাদের পররাষ্ট্রমন্ত্রী, মন্ত্রী কিংবা বিশেষ দূতের নেতৃত্বে প্রতিনিধিদল পাঠাচ্ছে।

তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশের সামাজিক সংগঠন, বিশিষ্ট ব্যক্তিত্ব এবং পূর্ব ইউরোপের কয়েকটি দেশের সরকারি প্রতিনিধি ও আইনপ্রণেতারাও শেষবিদায়ের আনুষ্ঠানিকতায় অংশ নেবেন। তবে ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সামরিক হামলায় প্রকাশ্যে সমর্থন দেওয়া কিছু ইউরোপীয় দেশকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি বলেও জানান তিনি।

রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার আগে বৃহস্পতিবার সন্ধ্যায় সীমিত পরিসরে একটি ব্যক্তিগত বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে সাম্প্রতিক সংঘাতে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্য এবং সর্বোচ্চ নেতার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের স্বজনরা উপস্থিত হয়ে শেষ শ্রদ্ধা জানান।

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশের সব নাগরিককে দল, মত, ধর্ম ও জাতিগত পরিচয়ের ঊর্ধ্বে উঠে শেষবিদায়ের আনুষ্ঠানিকতায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, এই আয়োজন জাতীয় ঐক্য, সংহতি এবং ইসলামি রাষ্ট্রব্যবস্থার প্রতি জনগণের অঙ্গীকারের প্রতীক হয়ে থাকবে।

ইরানি কর্মকর্তাদের ধারণা, কয়েক দিনব্যাপী শোক ও দাফন কর্মসূচিতে প্রায় ১ কোটি ৫০ লাখ থেকে ২ কোটি মানুষের অংশগ্রহণ হতে পারে।

সরকারি কর্মসূচি অনুযায়ী, শনিবার ও রোববার তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য খামেনির মরদেহ রাখা হবে। এরপর সোমবার রাজধানী তেহরানে একটি বৃহৎ শোকযাত্রা অনুষ্ঠিত হবে।

পরবর্তী সময়ে পবিত্র শহর কুমে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনের পর ইরাকের বাগদাদ, কারবালা ও নাজাফে স্মরণসভা অনুষ্ঠিত হবে। সবশেষে আগামী ৯ জুলাই মাশহাদে আয়াতুল্লাহ আলী খামেনিকে দাফন করা হবে।

নিউজটি পোস্ট করেছেন : মডার্ন টেলিভিশন ডেস্ক

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ