কক্সবাজারের টেকনাফে ২০১৮ সালে কথিত ‘ক্রসফায়ারে’ কাউন্সিলর ও যুবলীগ নেতা একরামুল হক নিহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দিয়েছে প্রসিকিউশন।
রোববার (২৬ জুলাই) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ অভিযোগটি দাখিল করা হয়।
মামলার তথ্য অনুযায়ী, ২০১৮ সালের ২৬ মে রাতে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একরামুল হক নিহত হন। তিনি টানা ১২ বছর টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি এবং টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ঘটনার পর তার পরিবারের সঙ্গে হওয়া একটি অডিও ফোনালাপ প্রকাশ্যে এলে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয় এবং বিচারবহির্ভূত হত্যার অভিযোগ নতুন করে সামনে আসে।
এর আগে একই ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে গ্রেপ্তার দেখানো হয়। ২০২৫ সালের ২০ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
এদিকে, একই দিনে জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে সাভারে একটি সাঁজোয়া যান (এপিসি) থেকে ফেলে আসহাবুল ইয়ামিনকে হত্যার ঘটনায় ঢাকার সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৯ জনের বিরুদ্ধেও পৃথক আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দিয়েছে প্রসিকিউশন।
এছাড়া জুলাই গণ-অভ্যুত্থানকেন্দ্রিক হত্যা, ষড়যন্ত্র ও উসকানির মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ অব্যাহত রয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে চলমান ওই মামলায় ২৭তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিচ্ছেন সাংবাদিক আশরাফ কায়সার।
নিউজটি পোস্ট করেছেন :
Deleted