#
ছবির ক্যাপশন: রিয়ালের সঙ্গে না পেরে বিশ্বকাপ তারকার বিষয়ে পিছু হঠল পিএসজি
আরবি লাইপজিগের আইভোরিয়ান তরুণ ফরোয়ার্ড ইয়ান দিওমান্দেকে দলে ভেড়ানোর দৌড়ে এগিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। ১৯ বছর বয়সী এই উইঙ্গারকে নিয়ে স্প্যানিশ ক্লাবটির সঙ্গে সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানা গেছে। অন্যদিকে, উচ্চ ট্রান্সফার ফি ও বেতনের কারণে এই লড়াই থেকে সরে দাঁড়িয়েছে ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।
প্রায় ১০ দিন আগে দিওমান্দেকে কিনতে রিয়ালের প্রথম প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল লাইপজিগ। এরপর নতুন করে ১০০ মিলিয়ন ইউরো নিশ্চিত ফি এবং অতিরিক্ত ২০ মিলিয়ন ইউরোর অ্যাড-অনসহ মোট ১২০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেয় লা লিগার ক্লাবটি। যদিও লাইপজিগ এখনও আনুষ্ঠানিক জবাব দেয়নি, তবে দুই পক্ষের আলোচনায় ইতিবাচক অগ্রগতি রয়েছে বলে জানা গেছে।
শুরুর দিকে দিওমান্দের প্রথম পছন্দ ছিল পিএসজি। তবে লাইপজিগের চাওয়া বিশাল অঙ্কের ট্রান্সফার ফি এবং খেলোয়াড়ের বেতন মেটাতে অনাগ্রহী ফরাসি ক্লাবটি। ফলে তারা এই অর্থ অন্য খেলোয়াড়ের পেছনে ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছে। এরপর রিয়াল মাদ্রিদকেই সম্ভাব্য গন্তব্য হিসেবে বেছে নিয়েছেন দিওমান্দে। সোমবার ক্লাবে ফিরে লাইপজিগ কর্তৃপক্ষকে রিয়ালে যোগ দেওয়ার ইচ্ছার কথাও জানাতে পারেন তিনি।
দিওমান্দের জন্য প্রায় ১৩০ মিলিয়ন ইউরো দাবি করছে লাইপজিগ। ২০৩০ সাল পর্যন্ত চুক্তি থাকায় তাকে ধরে রাখতে নতুন চুক্তিরও চেষ্টা করেছে জার্মান ক্লাবটি। তবে শেষ পর্যন্ত তাকে বিক্রি করা হলে সেটিই হবে লাইপজিগের ইতিহাসে সবচেয়ে বড় অঙ্কের খেলোয়াড় বিক্রির রেকর্ড। এর আগে ২০২৫ সালে বেঞ্জামিন সেস্কোকে ৭৬ দশমিক ৫ মিলিয়ন ইউরোতে ম্যানচেস্টার ইউনাইটেড এবং ২০২৩ সালে ইয়োশকো গভার্দিওলকে ৯০ মিলিয়ন ইউরোতে ম্যানচেস্টার সিটির কাছে বিক্রি করেছিল ক্লাবটি।
ব্রাহিম দিয়াজের সম্ভাব্য বিদায়ের গুঞ্জনের মধ্যে রাইট উইংয়ের শূন্যতা পূরণে দিওমান্দেকে অগ্রাধিকার দিচ্ছে রিয়াল। একই সঙ্গে হোসে মরিনহোর অধীনে দল পুনর্গঠনের কাজও চালিয়ে যাচ্ছে ক্লাবটি। ইতোমধ্যে মার্ক কুকুরেয়া, বের্নার্দো সিলভা, ইব্রাহিমা কোনাতে এবং ডেনজেল ডামফ্রিসকে দলে ভিড়িয়েছে তারা। পাশাপাশি ম্যানচেস্টার সিটির বিশ্বকাপজয়ী মিডফিল্ডার রদ্রিকেও দলে আনার চেষ্টা করছে স্প্যানিশ জায়ান্টরা।
গত মৌসুমে বুন্দেসলিগায় লাইপজিগের হয়ে ৩৩ ম্যাচে ১২ গোল ও ৯টি অ্যাসিস্ট করে আলোচনায় আসেন দিওমান্দে। সদ্য শেষ হওয়া বিশ্বকাপেও আইভরি কোস্টের হয়ে চারটি ম্যাচেই খেলেছেন এই উদীয়মান ফুটবলার। তবে রাউন্ড অব ৩২-এ নরওয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় তার দল।