প্রিন্ট এর তারিখঃ Nov 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 24, 2026 ইং
১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা*

ভারতে নির্বাসনে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে দেশে ফেরার পরিকল্পনা করছেন। এদিন দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজ ব্যবহারের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২৪ নভেম্বর) রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন শেখ হাসিনার মুখপাত্র।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ফেরার নির্দিষ্ট তারিখ হিসেবে ১৬ ডিসেম্বর এবারই প্রথম উল্লেখ করেছেন শেখ হাসিনা। তার এই পরিকল্পনা বাংলাদেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
শেখ হাসিনা নতুন পাসপোর্টসহ প্রয়োজনীয় নথিপত্রের জন্য আবেদন করার পর থেকেই দেশটির রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা বাড়ছে। তার দল আওয়ামী লীগের কার্যক্রমও বর্তমানে নিষিদ্ধ রয়েছে।
শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে জানান, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাষ্ট্রীয় বিমানেই শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। সে কারণে এবারও দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
মুখপাত্রের দাবি, সংবিধানবিরোধীভাবে শেখ হাসিনাকে নির্বাসনে পাঠানো হয়েছে। তাই বিজয় দিবস ১৬ ডিসেম্বর তাকে দেশে ফেরার সুযোগ করে দেওয়া সরকারের দায়িত্ব।
এ বিষয়ে মন্তব্য জানতে বাংলাদেশের সরকারের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স। এর আগে রোববার বাংলাদেশের এক মন্ত্রী রয়টার্সকে জানিয়েছিলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। পাশাপাশি তাকে দেশে ফিরিয়ে আনতে বিমান পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানান তিনি।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পেছনে থাকা গণ-অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষ প্রাণ হারান। গত বছরের নভেম্বরে ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড ঘোষণা করেন।
তবে নির্বাসনে থাকা শেখ হাসিনা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ মর্ডান মাল্টিমিডিয়া লিমিটেড | মডার্ন গ্রুপের একটি প্রতিষ্ঠান