প্রিন্ট এর তারিখঃ Nov 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 24, 2026 ইং
শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, হস্তান্তরের পদ্ধতি ঠিক হবে ভারতের সঙ্গে আলোচনায়

শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে চায় সরকার। তবে তাকে কীভাবে দেশে ফেরত আনা হবে, সে বিষয়ে ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তথ্য উপদেষ্টা জানান, শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন কি না, সে বিষয়ে তার সঙ্গে সরাসরি কোনো আলোচনা হচ্ছে না। বরং বিষয়টি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে বাংলাদেশ সরকার। তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশে আসবেন কি না, এ নিয়ে আলোচনা ভারতের সঙ্গে, শেখ হাসিনার সঙ্গে নয়।
শেখ হাসিনাকে ফেরত আনার প্রক্রিয়া সম্পর্কে জাহেদ উর রহমান বলেন, তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট। তিনি বাংলাদেশ বিমানে আসবেন, ভারতের বিমানে আসবেন, নাকি অন্য কোনো উপায়ে তাকে হস্তান্তর করা হবে, তা আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে।
তিনি আরও বলেন, শেখ হাসিনা বিচার প্রক্রিয়ায় দোষী সাব্যস্ত হয়ে শাস্তি পেয়েছেন। দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে তাকে বাংলাদেশে প্রত্যর্পণের দাবি জানানো হবে। এ ক্ষেত্রে ভারতের উচিত তাকে প্রত্যর্পণ করা।
তথ্য উপদেষ্টার মতে, শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চাইলে তাকে ফেরত দেওয়ার ক্ষেত্রে আইনি জটিলতার কোনো কারণ থাকার কথা নয়। ভারত তাকে প্রত্যর্পণ করলে বিষয়টি সহজেই সমাধান হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে ডিসেম্বরকে ঘিরে সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্কতা ও অতিরিক্ত সদস্য মোতায়েন প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, সীমান্তে অনুপ্রবেশ প্রতিরোধ করা বিজিবির নিয়মিত দায়িত্ব। তবে ডিসেম্বরকে কেন্দ্র করে নানা আলোচনা থাকায় নিরাপত্তার বিষয়ে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ মর্ডান মাল্টিমিডিয়া লিমিটেড | মডার্ন গ্রুপের একটি প্রতিষ্ঠান