প্রিন্ট এর তারিখঃ Sep 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 13, 2026 ইং
বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরা হলো না, কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসের চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
শনিবার দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শিকলবাহা চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কক্সবাজারের ঈদগাঁও এলাকার নিয়াজ মোর্শেদ (২২), তার বোন মিমতাহ (১৭), তাদের মামা মো. ফেরদৌস আলম (৫৫) এবং মাইক্রোবাসের চালক মো. মুন্না।
পুলিশ ও স্বজনদের বরাতে জানা গেছে, চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকার একটি কমিউনিটি সেন্টারে পরিবারের বড় মেয়ের বিয়ের অনুষ্ঠান শেষে স্বজনদের নিয়ে মাইক্রোবাসে করে কক্সবাজারের ঈদগাঁওয়ের উদ্দেশে রওনা হন তারা।
রাত ২টার দিকে মাইক্রোবাসটি শিকলবাহা চৌমুহনী এলাকায় পৌঁছে ইউটার্ন নেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়।
স্থানীয়দের পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন। দুর্ঘটনায় ফেরদৌস আলম ও মিমতাহ ঘটনাস্থলেই মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক নিয়াজ মোর্শেদ ও চালক মো. মুন্নাকে মৃত ঘোষণা করেন।
আহত সাতজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ চারজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে এর চালক ও সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ মর্ডান মাল্টিমিডিয়া লিমিটেড | মডার্ন গ্রুপের একটি প্রতিষ্ঠান