প্রিন্ট এর তারিখঃ Sep 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 7, 2026 ইং
বিসিএসের ভাইভা দিতে ঢাকায় আসার পথে বাস খাদে পড়ে ঢাবির সাবেক শিক্ষার্থী নিহত

৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশ নিতে খুলনা থেকে ঢাকার পথে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শেখ মিশা খাতুন।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের গেড়াখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। টুঙ্গীপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই শেখ মিশা খাতুনের মৃত্যু হয়।
নিহত শেখ মিশা খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ৩৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন—বিএসটিআইয়ের খুলনা কার্যালয়ে পরীক্ষক (কেমিক্যাল) হিসেবে কর্মরত ছিলেন।
কর্মজীবনে প্রতিষ্ঠিত হওয়ার পরও ক্যারিয়ারে আরও এগিয়ে যাওয়ার স্বপ্ন ছিল তাঁর। সেই লক্ষ্যেই ৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশ নিতে ঢাকার উদ্দেশে বাসে উঠেছিলেন তিনি। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় থেমে গেল তাঁর সেই স্বপ্নযাত্রা।
শেখ মিশা খাতুনের মৃত্যুতে সহপাঠী, সহকর্মী ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ মর্ডান মাল্টিমিডিয়া লিমিটেড | মডার্ন গ্রুপের একটি প্রতিষ্ঠান