প্রিন্ট এর তারিখঃ Sep 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 2, 2026 ইং
শ্যামনগরে বাড়ির পরিত্যক্ত ছাপড়া ঘর থেকে ১২ ফুটের অজগর উদ্ধার

মো রাকিবুল্যাহ সোহাগ, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি | সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন উপকূলীয় বুড়িগোয়ালিনী গ্রামে একটি বাড়ির পরিত্যক্ত ছাপড়া ঘর থেকে ১২ ফুট দীর্ঘ একটি বৃহৎ অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগের সদস্যরা।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বুড়িগোয়ালিনী গ্রামের মুক্তার হোসেনের বাড়ি থেকে অজগরটি উদ্ধার করা হয়। বুড়িগোয়ালিনী বন স্টেশন কর্মকর্তা (এসও) এরফান উদ্দীনের নেতৃত্বে বনকর্মীরা খবর পেয়ে বাড়িটিতে গিয়ে পরিত্যক্ত ছাপড়া ঘরের ভেতর থেকে সাপটি উদ্ধার করেন।
বন বিভাগ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত অজগরটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট এবং ওজন আনুমানিক ৪২ কেজি। সুন্দরবনসংলগ্ন এলাকায় লোকালয়ে অজগরসহ বিভিন্ন বন্যপ্রাণীর বিচরণ নতুন নয়। বন বিভাগের সদস্যরা সাপটি নিরাপদে উদ্ধার করে পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ মর্ডান মাল্টিমিডিয়া লিমিটেড | মডার্ন গ্রুপের একটি প্রতিষ্ঠান