প্রিন্ট এর তারিখঃ Sep 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 24, 2026 ইং
বক্তব্য দিতে গিয়ে দুইবার লোডশেডিংয়ের কবলে আইনমন্ত্রী

রাজধানী ঢাকায় একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় অল্প সময়ের ব্যবধানে দুইবার লোডশেডিংয়ের কবলে পড়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
সোমবার (২৪ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘নির্বাচন-পরবর্তী বাংলাদেশ: রাজনৈতিক প্রতিশ্রুতি ও বাস্তবতা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী যখন জুলাই অভ্যুত্থান ও পরবর্তী সংস্কার কার্যক্রম নিয়ে কথা বলছিলেন, তখনই হঠাৎ মিলনায়তনের বিদ্যুৎ চলে যায়। কিছুক্ষণ পর বিদ্যুৎ ফিরে এলেও অনুষ্ঠান চলাকালে আবারও লোডশেডিং হয়।
ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
দেশে চলমান গ্যাস সংকট ও এলএনজি টার্মিনাল-সংক্রান্ত জটিলতার কারণে বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি তৈরি হওয়ায় বিভিন্ন এলাকায় লোডশেডিং বাড়ার খবর পাওয়া যাচ্ছে। এর প্রভাব গুরুত্বপূর্ণ ও ভিআইপি অনুষ্ঠানেও পড়ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ মর্ডান মাল্টিমিডিয়া লিমিটেড | মডার্ন গ্রুপের একটি প্রতিষ্ঠান